বর্ণিল সাজে সাংগ্রাইয়ের অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলায় মুক্তার মালা। হাতে চুড়ি। খোঁপায় ফুল। পরনে ঐতিহ্যবাহী রঙিন থামি। কানে রকমারি দুল। বর্ণিল সাজে মণ্ডপে তরুণের জন্য অপেক্ষা তরুণীর। দলবেঁধে ঢোকে তরুণ। অতঃপর জলকেলি। রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণের এ আয়োজন চলছে আদিকাল থেকেই। কালের যাত্রায় বছর ঘুরে আসছে আবার সেই দিন—‘সাংগ্রাং’ বা ‘সাংগ্রাই’ উৎসব। পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে ঘরে ঘরে চলছে উৎসব আয়োজনের ধুম। ইতিমধ্যে শহরের টেকপাড়া, বার্মিজ স্কুল, বড়বাজার, বৌদ্ধমন্দির সড়ক, টেকনাফ, মহেশখালী, চৌফলদণ্ডী, চকরিয়া, হারবাং, খুরুশকূলসহ জেলার বিভিন্ন স্থানে সাংগ্রাং উৎসবের প্রস্তুতি চলছে। শহরের টেকপাড়ার রাখাইন তরুণী ম ম রাখাইন বলেন, ‘সারা বছর আমরা সাংগ্রাং উৎসবের অপেক্ষায় থাকি। প্রচণ্ড গরমে মাথার ওপর রঙিন ছাতা মেলে পায়ে হেঁটে যাব মণ্ডপে। তারপর ওই মণ্ডপে বসে প্রিয়জনের সঙ্গে মঙ্গলজল ছিটিয়ে রাখাইন অব্দের পুরোনো বছরকে বিদায় জানিয়ে মহাধুমধামে বরণ করব নতুন বছর।’ জলকেলি উৎসবের জন্য তরুণীদের মধ্যে হিড়িক পড়েছে পছন্দের পোশাক তৈরির। অনেকে ১০ থেকে ১৫ জনের দল বেঁধে তৈরি করছেন একই ধরনের পোশাক। যা উৎসবের দিন নজর কাড়বে সবার।কলেজছাত্রী উখিং চ্যা রাখাইন বলেন, ‘উৎসবটির জন্য আমরা ১০ বান্ধবী মিয়ানমার থেকে বিশেষ পোশাক কিনে এনেছি। একই রকমের পোশাক পরলে ধনী-গরিব অথবা সুন্দর-অসুন্দর পরখ করা যায় না। উৎসবের আনন্দ সবাই ভাগ করে নিতেই আমাদের এই উদ্যোগ।’ জানা যায়, প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল শুরু হচ্ছে রাখাইন অব্দের নতুন দিন। ওই দিন তাঁরা সাংগ্রাং উৎসবে মেতে ওঠেন। কক্সবাজার শহরের গ্রাম ও মহল্লায় জলকেলির জন্য তৈরি হচ্ছে একাধিক মণ্ডপ। ফুল, বেলুন, রঙিন কাপড় ও নানা রঙের কাগজ দিয়ে সাজানো হবে মণ্ডপ ও প্যান্ডেল। উৎসবের দিন মণ্ডপের মাঝখানে ড্রামে কিংবা কাঠের নৌকায় পানি রাখা হয়। একপাশে তরুণী, আরেক পাশে থাকেন তরুণেরা। এ সময় তরুণেরা খুঁজে নেবেন পছন্দের পাত্রী। তারপর জল ছিটিয়ে ওই তরুণীকে তাঁর সঙ্গে জলকেলিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবেন। তরুণীর পছন্দ হলেই চলে জলকেলি। এদিকে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষেও রাখাইনরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ এপ্রিল সকালে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর মন্দির-প্যাগোডায় গিয়ে ধর্মীয় প্রার্থনা ও খাবার পরিবেশন করা হবে। রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ মং ছেন হ্লা জানান, এবার জেলার বিভিন্ন স্থানে ৩০টির বেশি মণ্ডপ তৈরি হচ্ছে। উৎসবের মূল লক্ষ্য হচ্ছে হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়া। সবাই একসঙ্গে মিলিত হয়ে সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করা।