বর্ণিল সাজে সেজেছে চুয়েট ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হচ্ছে ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের দুই দিনের র্যাগ ডে উৎসব। এ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন সাজে। বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে ক্যাম্পাস। শুধু চুয়েট ক্যাম্পাসই নয়, আশপাশের সব জায়গায় যেন ছড়িয়ে পড়েছে র্যাগ অনুষ্ঠানের আনন্দ। এ অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় মিলনায়তনের পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। আর আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির।আজ সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে র্যাগ ডে অনুষ্ঠান। এ ছাড়া রয়েছে বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দেশীয় খেলাধুলা ও বার্গার খাওয়ার প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সিনেমা প্রদর্শনী (ফিল্ম ফেস্টিভ্যাল)। দ্বিতীয় দিন শুক্রবার রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে নাচ, গান, প্যাকেজ নাটক ও ব্যান্ড সংগীত পরিবেশনা।র্যাগ ডের বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে চুয়েট লেকে সাম্পানে ভ্রমণের সুযোগ। সাম্পানে চড়ার জন্য প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেকের পাশে ভিড় করছে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, র্যাগ অনুষ্ঠানটি ক্যাম্পাস জীবনের অনেক বড় পাওয়া। র্যাগ ডে উদ্যাপন কমিটির প্রধান আহ্বায়ক মো. আওয়াল হোসেন প্রথম আলোকে বলেন, ‘র্যাগ অনুষ্ঠানের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এখন র্যাগ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাই।’