বর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মরক্ষার জন্য সেই প্রাচীনকাল থেকেই বর্ম ব্যবহার করছে মানুষ। গবেষকদের মতে, খ্রিষ্টপূর্ব একাদশ শতকে চীনের যোদ্ধারা একধরনের বর্ম ব্যবহার করতেন, যা ছিল গন্ডারের চামড়ার তৈরি। চীনের এই বর্মকে বিবেচনা করা হয় সবচেয়ে প্রাচীন বর্ম হিসেবে। এর কাছাকাছি সময়ের গ্রিক যোদ্ধারাও একধরনের বর্ম ব্যবহার করতেন। সেটা ব্রোঞ্জ ও মোমের তৈরি বলে জানা যায়।
পরে মধ্যযুগের ইউরোপে অভিজাত যোদ্ধারা আত্মরক্ষার্থে পাতলা টিনের পাতের তৈরি একধরনের ভারী বর্ম ব্যবহার করতেন। তবে প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে চতুর্দশ শতকের মাঝামাঝি যোদ্ধাদের জন্য আবিষ্কৃত হয় সহজে বহনযোগ্য ইস্পাতের তৈরি বর্ম, যা তাদের মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষা দিত।
তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে বুলেট ও বারুদের ব্যবহার বৃদ্ধির সঙ্গে বর্মও আধুনিকায়নের ছোঁয়া পায়। করা হয় বুলেটপ্রতিরোধী। ‘বুলেটপ্রুফ ভেস্ট’ নামেই অধিক পরিচিত এই আধুনিক বর্ম, যার প্রাথমিক নমুনা পাওয়া যায় ১৮ শতকে। বিস্ময়কর হলেও, সেগুলো ছিল তুলার তৈরি! ১৮৭০ সালে তো অস্ট্রেলীয় অপরাধী নেড কেলি তাঁর দলের সদস্যদের জন্য স্টিলের বর্ম তৈরি করে পুলিশের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়ে তাক লাগিয়ে দেন।
আধুনিক বুলেটপ্রুফ ভেস্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তৈরি বর্ম, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস, নায়লন ও অ্যালুমিনিয়াম। অবশ্য আধুনিক যুগে সবচেয়ে কার্যকর বুলেটপ্রতিরোধী বর্মগুলো তৈরি হয় কেলভার নামক একধরনের ফাইবার দিয়ে, যা ইস্পাতের চেয়েও পাঁচ গুণ মজবুত।
টাইম ম্যাগাজিন অবলম্বনে