বর্ষ সমাপনীর আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত জীবনের সামান্য ভুল একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই শিক্ষাজীবনের একেকটি পরীক্ষা হবু চিকিৎসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারার যে কী আনন্দ, তা প্রকাশ পেল তাঁদের বর্ষ সমাপনীর আনন্দ উৎসবে। ৮ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষাজীবনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ উদ্যাপন করে ৫৩তম এমবিবিএস ও ২২তম বিডিএসের শিক্ষার্থীরা।উৎসব শুরু হয় সকালে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। শোভাযাত্রায় শিক্ষার্থীরা অংশ নেন নানা সাজে। ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দে। এরপর রঙের উৎসবে মেতে ওঠা। আনন্দ আয়োজনের মূল আকর্ষণ সাংস্কৃতিক পর্ব ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে। আয়োজনের প্রথমেই শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বসে ব্যান্ডসংগীতের আসর। রাত নয়টায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ দলীয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। রাশেদুল ইসলাম পরিবেশন করেন ‘তুমি যে ক্ষতি করলা আমার’ গানটি। এরপর নৃত্য, নাটিকা ও ফ্যাশন শোর মুগ্ধতায় হারিয়ে যাওয়া। বাংলা, হিন্দি আর ইংরেজি গানের মিশ্রণে পরিবেশিত নৃত্যের ছন্দে সবাইকে মাতিয়ে রাখেন প্রবাল সরকার, তাসনুভা ফারহিন, রহিত পাটোয়ারি ও সারা ইসলাম। ছিল আনিকা হক, সাবিহা পারভিন ও নওরিন তামান্নার পরিবেশিত আগুনের নৃত্য। এরপর মঞ্চে ওঠে ব্যান্ড তীরন্দাজ। ‘অন্ধকার ঘরে’ গানটি গেয়ে শুরু করেন তাদের পরিবেশনা। এরপর একে একে ‘দুর্গম গিরি’, ‘চাইতে পারো’, ‘তুমি কি সাড়া দিবে’, ‘কাটবে বিস্ময়ে’ গানগুলি পরিবেশন করে তারা। ‘শেষে দেখা হবে বন্ধু’ গানটি পরিবেশনের মাধ্যমে তীরন্দাজ শেষ করে পরিবেশনা। আর শেষ হয় বর্ণিল আনন্দময় আয়োজনের। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইয়াজুল আমীন ও শশী মুনতাহা।