বর্ষপূর্তির আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বের করা হয় আনন্দ শোভাযাত্রা
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বের করা হয় আনন্দ শোভাযাত্রা

বর্ণিল ক্যাম্পাস। চারদিকে উল্লাস, হই-হুল্লোড়। বিচিত্র সাজ-পোশাক শিক্ষার্থীদের। আনন্দ আয়োজনে মেতেছে সবাই। দিনটি ছিল ১ সেপ্টেম্বর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১১তম বর্ষপূর্তি পদার্পণ। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। সবার পরনে আকাশি রঙের টি-শার্ট, মাথায় ব্যান্ড। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ফর পিস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচির পর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইবি) সভাপতি এম শামীম জেড বসুনিয়া ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।
আনুষ্ঠানিকতার এসব পর্ব শেষে সময়টা শুধুই যেন শিক্ষার্থীদের। সন্ধ্যায় শুরু হয় কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘হ্যালো এটা কি ২৪৪১১৩৯...’, ‘আমি চিনি গো চিনি তোমারে’ এমন সব জনপ্রিয় গান, নাচ, ভিডিওচিত্রসহ মজার সব আয়োজন নিয়ে চার ঘণ্টা ধরে মন্ত্রমুগ্ধ করে রাখেন তাঁরা। উপস্থাপনা থেকে শুরু করে সবকিছুতেই ছিল প্রযুক্তির ছোঁয়া। সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল তাহমিনা ও চেরীর ব্যবস্থাপনায় ব্যতিক্রমী ফ্যাশান শো। এতে বাংলা চলচ্চিত্রের আদি থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন নায়ক-নায়িকার পোশাকি ফ্যাশন তুলে ধরা হয়। এ ছাড়া পরিবেশিত হয় নাটিকাও। রাত ১০টায় শুরু হয় মন মাতানো কনসার্ট। চুয়েটের ব্যান্ড নর্থ-২০১, অপ্রকাশিত এবং রংধনু তাদের পরিবেশনায় মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে সবাইকে।