ক্যাম্পাসজুড়ে দিনভর আড্ডা, ঘোরাঘুরি আর নাচ-গানে মেতেছিল একদল তরুণ। উৎসবের আমেজ ছিল তাদের চালচলন, সাজপোশাকে। এর কারণ একটাই, বর্ষপূর্তি অনুষ্ঠান। চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা ১১ জানুয়ারি আয়োজন করেন তাঁদের শিক্ষাজীবনের দুই বছর পূর্তি অনুষ্ঠান। ‘এমন ঘটা করে বর্ষপূতি উদযাপনের রেওয়াজটা আসলে আমরাই চালু করেছি এবং এটা আমাদের নিজস্ব উদ্যোগ। আমরা কজন বন্ধু মিলে এ কাজটা করছি। অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতা তো থাকেই।’ বলছিলেন ৩১তম ব্যাচের শিক্ষার্থী মোরশেদ হায়দার। তিনি বললেন, ‘আমরা ক্যাম্পাসে প্রথম বর্ষপূতি অনুষ্ঠানও করেছি এমনিভাবে। ইচ্ছে আছে ভবিষ্যতেও এ ধারাটা বজায় রাখার।’ কথা হয় একই ব্যাচের সামিহা সাবরিনা, সাবিহা নুসরাত ও সাদিয়া কালামের সঙ্গে। তাঁরা বললেন, ‘আমরা আমাদের বন্ধুত্ব এবং আন্তরিকতার বন্ধনকে সুদৃঢ় রাখতেই এমন আয়োজন করি। একটি দিন সবাই মিলে নিজেদের মতো করে কাটাই। একসঙ্গে খাওয়াদাওয়া, হৈহুল্লোড়—সব মিলে বেশ উপভোগ্য হয় আমাদের এ আয়োজন।’ দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন আবু সাইয়েদ, এস এম জামাল উদ্দিন, ফয়সাল মজুমদার, বাপ্পারাজ, মোরশেদ হায়দার, ফাতেমা-তুজ-জোহরা, মাহবুবুল আলম, আরিফ সিদ্দিকী, দীপু দাস, মুশফিকুর সালেহীন, মাহরুবা শাওলিন, তরিকুর নাহার, রিপন সাত্তারী, ফাহাদ বিন মুসা, মিরাজ আহমেদ ও ইমতিয়াজ উদ্দিন। এর আগে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। আলোচক ছিলেন বিভাগীয় প্রধান বি কে ধর, শরীফুজ্জামান প্রমুখ। তাঁরা শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও যেন তাঁরা একেকজন আলোকিত মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে পারেন সে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।