বর্ষপূর্তির ফুর্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহরিমা বললেন, ‘খুবই মন খারাপ লাগছে। কারণ, আমরা তো এখন শেষ বর্ষে। আগামী বছর এমন সময় তো আর মিলবে না। আজকে যত না আনন্দ হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট লাগছে ভবিষ্যতে সবকিছু মিস করব ভেবে।’ চোখেমুখে উচ্ছলতা থাকলেও মনের ভেতরটায় তোলপাড়ের কথা জানালেন চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহরিমা তারান্নুম। ১৯ জানুয়ারি ছিল বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থীদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। নেচে-গেয়ে, আড্ডা আর খুনসুটিতে দিনটি পার করেছেন তাঁরা। সেই সঙ্গে ছিল খাওয়াদাওয়া আর জম্পেশ আড্ডা।অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনজুড়ে। ছোট্ট এ মিলনায়তনটি সাজানো ছিল বেশ বাহারি সাজে। মঞ্চের দৃশ্যপট আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয় ৩১তম ব্যাচের বর্ষপূর্তির কথাগুলো দিয়ে। থোকা থোকা বেলুন ঝুলছিল। ছিল শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাঠানো ফুলের গুচ্ছ। মিলনায়তনের বাইরে-ভেতরে জমজমাট পদচারণ।মঞ্চে গান চলছে। এরই ফাঁকে কথা হলো আড্ডায় মেতে থাকা একদল শিক্ষার্থীর সঙ্গে। তাঁদেরই একজন সাদিয়া কালাম জানালেন, ‘এটা পুরোটাই আমাদের আয়োজন। আমরা শিক্ষার্থীরা সবাই মিলে বর্ষপূর্তি উৎসব করছি। এর আনন্দটাই অন্য রকম।’ তাঁর কথার রেশ কাটতে না কাটতেই সাবিহা নুসরাত বললেন, ‘আমরা কিন্তু প্রতিবছরই এ উৎসব উদ্যাপন করি। নিজেরা মিলে খু-উ-ব মজা করি!’ফয়সাল মজুমদার বলেন, ‘কিন্তু এবারের পর আমরা আর সে সুযোগ পাব না। বেশির ভাগই পরীক্ষার পর দলছুট হয়ে যাবে। তাই তৃতীয় বর্ষপূর্তি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’ আড্ডাবাজদের এ দলে আরও ছিলেন শারমীন সুলতানা, সামিয়া সাবরিনা, এমদাদ উদ্দিন, দীপু দাশ, মাহবুবুল আলম প্রমুখ। জায়গা না পেয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এম জমির উদ্দিন ও আবু সাঈদ। দুঃখবোধ ছিল তাঁদের কথাবার্তায়ও, ‘আমরা খুব জমকালো অনুষ্ঠান করি না। কিন্তু এটুকু আয়োজনের সুখও ছিল অনেক। কিন্তু এরপর তো সব স্মৃতি হয়ে যাবে।’অনুষ্ঠানে গান করেন ৩১তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ নামে পরিচিত মোরশেদ হায়দার ও আরিফ সিদ্দিকী। ‘স্মৃতিচারণা’ পর্বে দেখানো হয় গত বছরের অনুষ্ঠানের ভিডিওচিত্র।