
নতুন বছরকে আনন্দ-উৎসবে বরণ করে নেওয়ার রেওয়াজ সেই প্রাচীনকালের। গবেষকেরা বলছেন, এই রীতি প্রায় চার হাজার বছরের পুরোনো। প্রাচীন ব্যাবিলনে মার্চ মাসে দিনরাত সমান, এমন দিনটির পর প্রথম পূর্ণচন্দ্র দৃশ্যমান হওয়ার দিনকে নতুন বছরের শুরু হিসেবে ধরা হতো। নতুন বছরকে বরণ করে নিতে ১১ দিন ধরে উৎসব চলত। যার নাম ছিল আকিতু।
সময়ের সঙ্গে সভ্যতাভেদে বর্ষবরণের দিনক্ষণে পরিবর্তন হয়েছে। চীনে ঘটা করে নববর্ষ পালনের প্রমাণ মেলে খ্রিষ্টপূর্ব চতুর্দশ শতকের শুরুর দিকে। চীনের মানুষ এ সময় তাদের প্রায় সব কাজ থেকে ছুটি নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিত। প্রতিটি বাড়ি খুব ভালো করে পরিষ্কার করা হয়, যেন ঘরে কোনো ‘হুইকি’ অর্থাৎ অশুভ বায়ুর উপস্থিতি না থাকে। বছরের প্রথম দিনে প্রতিটি পরিবার নিকটাত্মীয় নিয়ে একসঙ্গে খাবার খান। বছরের দ্বিতীয় দিনে পুরো পরিবার একটি পূর্ণ চন্দ্রাকৃতির পুডিং ভাগাভাগি করে খায়। এটাকে মনে করা হতো পরিবারের ঐক্যকে সমুন্নত রাখার প্রচেষ্টা। এ ছাড়া বর্ষবরণের অংশ হিসেবে বের করা হতো শোভাযাত্রাও।
জানুয়ারির ১ তারিখ থেকে নতুন বছর শুরুর প্রচলন করেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। রোমানরা বছরের প্রথম দিনটি উদ্যাপন করত দেবতা জানুসের প্রতি মূল্যবান সামগ্রী উৎসর্গ, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে উপহার বিনিময়, বড় ভোজসভা আয়োজন করে। এখন তো দুনিয়াজোড়া রঙিন আয়োজনে বরণ করা হয় ইংরেজি নতুন বছর।
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, কৃষিকাজের সুবিধার জন্যই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন। তা কার্যকর হয় তাঁর সিংহাসনে আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)। নববর্ষে ভূস্বামীরা প্রজাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে মঙ্গল শোভাযাত্রা, আলপনা আঁকাসহ পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়।
আকিব মো. সাতিল
সূত্র: হিস্ট্রি ডট কম, ইনডিপেনডেন্ট, বাংলাপিডিয়া