বর্ষবরণে প্রাণের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙের মেলা চারদিকে। লাল-সাদার ছড়াছড়ি। পোশাকে রং, রং কপালে, রং মনে-প্রাণে। চিত্ত রঙিন করা এসব মানুষ ছুটছিল কেবল। ছুটছিল এক অনুষ্ঠানস্থল থেকে অন্যটিতে। পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে নাচে-গানে, আড্ডায় নতুন বছরকে আবাহনের আনন্দ সবার চোখেমুখে।ঢল নামে পথেঘাটে। ঢল নামে ডিসি হিল, সিআরবির শিরীষতলা আর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। আবালবৃদ্ধবনিতা সবাই এসেছিলেন বর্ষবরণের উৎসবে।আগের দিন বৃষ্টির চোখ রাঙানি থাকলেও ১৪১৯ সনের প্রথম দিন সকাল থেকেই ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ধীরে ধীরে পয়লা বৈশাখ উদ্যাপনের জন্য হাজারো মানুষের আগমনে জনমসুদ্রে পরিণত হয় ডিসি হিল ও সিআরবি এলাকা। কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন আবার কেউ মেতেছেন আড্ডায়। সবকিছু ছাপিয়ে নববর্ষের অনুষ্ঠান যেন মিলনোৎসবে পরিণত হয়েছে। সকালে ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে রাগসংগীতের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।সকালে বাওয়া স্কুল মাঠে নববর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় সমবেত রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও অভ্যুদয়ের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন। এরপর ছিল একক সংগীতের অনুষ্ঠান। রাতে এখানে সংগীত পরিবেশন করেন বর্ধমানের বাউল স্বপন অধিকারী। তাঁর গানে গানে নেচেছেন নারী-পুরুষ। এ ছাড়া রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লাইসা আহমেদ। কলকাতার শিল্পী সুস্মিতা গোস্বামী শোনান হারানো দিনের গান। মন ছুঁয়েছে বাফার নৃত্যনাট্যে। বিকেলে নববর্ষ আবাহন পাঠ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।সবচেয়ে বেশি ভিড় ছিল নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে। এখানে সকাল থেকেই শুরু হয় নববর্ষ বরণের অনুষ্ঠান। সারা দিন বিভিন্ন সংগঠনের নাচ, গান আবৃত্তিতে মুখর ছিল মঞ্চ। তবে সবকিছু ছাপিয়ে যায় সাহাবুদ্দিনের বলীখেলা। সিআরবির পাহাড়ের ঢালুতে বালুর মধ্যে জমে ওঠে এই বলীখেলা। দীর্ঘ লড়াই শেষে রামুর দিদার বলী বিজয় মুকুট মাথায় পরেন। সিআরবি পাহাড়ের গায়ে নববর্ষের সারা দিনই ছিল মানুষের কোলাহল। বর্ষবরণের অনুষ্ঠানকে সাক্ষী রেখে সবাই আপন মনে নিজ নিজ বলয়ে আড্ডা আর হাসি-ঠাট্টায় ব্যস্ত ছিল।লালদীঘির মাঠেও বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের আয়োজন করে বর্ষবরণ পরিষদ। সংগীত, নাচ, আবৃত্তি, নাটক, নাগরদোলা আর আলোচনা দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান।রাতে আস্তে আস্তে যবনিকা নামতে শুরু হয় বর্ষবরণ উৎসবের। নতুন বছরকে স্বাগত জানিয়ে বাড়ির পথে পা বাড়ান ক্লান্ত-শ্রান্ত নর-নারী। সেখানেও অপেক্ষা করছিল নববর্ষের সুস্বাদু সব খাবারের আয়োজন।