বর্ষবরণের আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা আয়োজনে বরণ করা হয় পয়লা বৈশাখ। শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি আর আড্ডার আনন্দে মেতে ছিল সবাই। প্রচণ্ড গরমেও শিক্ষার্থীদের সরব পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাসে বর্ষবরণের খবর:প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় হাজারি গলির ক্যাম্পাসে। সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। দুপুর একটা পর্যন্ত চলে বর্ষবরণের এই আনন্দ আয়োজন। এদিকে আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরের হার্ট অব চিটাগং কমিউনিটি সেন্টারে। আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল ১১টায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এ ছাড়া ইংরেজি বিভাগের আয়োজনে নগরের রিমা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। সব আয়োজনে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি।চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল ও সায়েন্সস বিশ্ববিদ্যালয়: সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। ছিল বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টল। বেলা দুইটা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন। ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী ফখরুল বলেন, ‘গত বছরের মতো এবারও আমরা বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করলাম পয়লা বৈশাখ। ক্যাম্পাসে উৎসবের মজাটাই অন্য রকম।’সাদার্ন বিশ্ববিদ্যালয়: ঢাক-ঢোলের তালে নাচ আর বর্ণিল আয়োজনের শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন। শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় মেলা, গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো। মেলায় বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনায় ১০টি স্টল দেওয়া হয়। এই স্টলগুলোতে স্থান পায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও পণ্যসামগ্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক): সকাল ১০টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় চমেকের বর্ষবরণ আয়োজন। চমেক ছাত্রসংসদের আয়োজনে শোভাযাত্রা শেষে বাস্কেটবল মাঠে শুরু হয় সংগীতানুষ্ঠান। গান পরিবেশন করে ব্যান্ডদল চিৎকার। ইউএসটিসি: পয়লা বৈশাখে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (ইউএসটিসি) বসে প্রাণের মেলা। ক্যামপাসজুড়ে ছিল বর্ণিল সাজ এবং আল্পনার ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ছিল হরেক রকমের স্টল। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘শেষ বারের মতো পয়লা বৈশাখ উদ্যাপন করলাম ক্যামপাসে। সারা দিন ক্যাম্পাসে থেকে অনেক মজা করেছি বন্ধুদের সঙ্গে।’