বর্ষবিদায় উৎসবে মেতে উঠবে কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকে ঠাসা কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিটি ২৫ ডিসেম্বর তোলা l প্রথম আলো
পর্যটকে ঠাসা কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিটি ২৫ ডিসেম্বর তোলা l প্রথম আলো

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে বর্ষবিদায় (থার্টি ফাস্ট নাইট) উৎসব উদ্যাপনের আয়োজন চলছে। সৈকতের লাবণী পয়েন্টের পাঁচ কিলোমিটারে চারটি পৃথক কনসার্টসহ বিভিন্ন হোটেল ও ইকো রিসোর্টে চলবে দেশি-বিদেশি তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠান উপভোগ করতে পর্যটকের ঢল নামছে কক্সবাজারে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ১৭ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নয় দিনে অন্তত তিন লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। ২৫ ডিসেম্বর থেকে দৈনিক ৭০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণ করছেন। আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত পর্যটকের এ রকম আগমন অব্যাহত থাকবে। তবে থার্টি ফাস্ট নাইট উদ্যাপনের জন্য সৈকতে সমবেত হবেন প্রায় আড়াই লাখ পর্যটক, যা হবে দেশের সর্বোচ্চ লোকসমাগমের থার্টি ফাস্ট নাইট।
২৫ ডিসেম্বর বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, হাজারো পর্যটকে ভরপুর সৈকত। সমুদ্রের লোনা জলে গোসলের পাশাপাশি পর্যটকেরা ছুটে চলেছেন পাথুরে সৈকত ইনানী, পাহাড়ি ঝরনার হিমছড়ি, পর্যটনপল্লি মারমেইড বিচ ও ইকো রিসার্ট, টেকনাফের মাথিন কূপ, জালিয়ার দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপসহ বিভিন্ন দর্শনীয় স্থানে।
ঢাকার যাত্রাবাড়ীর ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, ‘ছেলেমেয়েদের নিয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখে নতুন বছরের আগমনী বার্তা নিয়ে বাড়ি ফিরব। এরই ফাঁকে সৈকতে থার্টি ফাস্ট নাইটও উদ্যাপন করা হবে।’ থার্টি ফাস্ট নাইট উদ্যাপন নিয়ে অন্য রকম আয়োজন করেছে প্যাঁচার দ্বীপের মারমেইড বিচ রিসোর্ট কর্তৃপক্ষ। তারা দেশি-বিদেশি পর্যটকের জন্য ফ্যাশন শোর পাশাপাশি তারকা শিল্পীদের নিয়ে ডিজে, লাইভ সি ফুড, ফায়ার শো, ফানুস ওড়ানো, ফায়ার ওয়ার্কসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
রির্সোটের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, তাঁদের রিসোর্টের ৯৫ শতংাশ অতিথি বিদেশি। তাই থার্টি ফাস্ট নাইটও চমৎকার করে সাজানো হচ্ছে। টিকিটের বিনিময়ে স্থানীয়দের এতে অংশ গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
সৈকতের তারকা হোটেল ওশেন প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর জানান, থার্টি ফাস্ট নাইট উপলক্ষে হোটেলে ফ্যাশন শো আর নাচ–গানের আয়োজন রয়েছে। টিকিটের বিনিময় এসব অনুষ্ঠান দেখানো হবে।
এ ছাড়া হোটেল সিগাল, লং বিচ, সি প্যালেস, প্রাসাদ প্যারাডাইস, সিলভার সাইনসহ বিভিন্ন হোটেল-মোটেলে থার্টি ফাস্ট নাইটের বিশেষ আয়োজন রয়েছে। সৈকতে থাকছে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলের পৃথক একাধিক লাইভ কনসার্ট। দেশের নামীদামি তারকা শিল্পীরা এতে গান পরিবেশন করবেন। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, থার্টি ফাস্ট নাইট এবং তার আগে–পরে বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।