বর্ষা এবং শাপলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার মাঝে একদিন অহনা শাপলা ফুলের আবদার জুড়ে দিল, কিন্তু শাপলা পাওয়া তো কঠিন ব্যাপার। শাপলা পাওয়া যায় একমাত্র ঝিলের বিলে, কিন্তু কার সাধ্য ঝিলের বিল থেকে শাপলা তোলে? দাদুর মুখে যতটুকু শুনেছি, তা ভয়ানক ব্যাপার—এই বিলের পানি কোনো দিন শুকিয়ে যায়নি, কেউ কোনো দিন নামতে সাহসও করেনি। অথচ দেখলে মনে হয়, বিলে তো বেশি পানি নেই, কোনো এককালে চান মাঝি মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। সেই থেকে সবার ধারণা, বিলে রাক্ষসীর চল আছে। অনেক বুঝিয়ে বলার পর অহনা একটু শান্ত হলো। তারপর ও শর্ত দিল, কাল এনে দিতে হবে। সন্ধ্যায় লুকোচুরি খেলার পর বাড়িতে ফিরে খেয়ে যখন ঘুমাতে গেলাম, তখন অঝোর ধারায় বৃষ্টি নামল। আমার ভাবনা, কাল কীভাবে শাপলা তোলা যায়। ভাবতে ভাবতে ঘুমের সাগরে ডুব দিলাম।সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালবেলা সূর্য উঠল সোনাঝরা রোদ্দুর নিয়ে। বন্ধুদের মধ্যে জুলফি, জিয়া ও অ্যানিকে সঙ্গে নিয়ে বিলের উদ্দেশে রওনা হলাম। কেউ বিলে নামতে সাহস করল না। আমি চিন্তায় পড়লাম যে অহনা একটা শাপলা চাইল আর তা যদি দিতে না পারি, তাহলে কেমন হয়! পরিশেষে সবাইকে মুরগির বাচ্চা বলে গালি দিয়ে আমাকেই নামতে হলো। দুটি শাপলা তুলতেই আমার পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছিল। বিদ্যুদ্বেগে পাড়ে উঠলাম, কাউকে কিছু বুঝতে দিলাম না। বীরের বেশেই বাড়িতে ফিরে অহনাকে শাপলা দুটো দিলাম। সেদিন অন্য রকম আনন্দে কাটল অহনার সঙ্গে খেলা করে। বাবা-মা কেউ জানতেন না। কিন্তু পরের দিন সকালবেলা আমার ভীষণ জ্বর এল। সেই সঙ্গে প্রকাশ পেল বিলে নামার ঘটনা। বাবা রেগে গিয়ে মাকে অনেক বকাঝকা করে কবিরাজকে খবর দিলেন। আবারও বৃষ্টি তার আপন নৃত্যে ভুবন মাতাল, আর আমি পড়ে রইলাম মায়ের আঁচলতলে।বৃষ্টি শেষে কবিরাজ এলেন। অদ্ভুত ভঙ্গিতে তিনি আমাকে দেখার পর ঝাড়ফুঁক দিয়ে তাবিজের এক হালচা আমার গলায় ঝুলিয়ে দিলেন, অপর হালচা আমাদের বাড়ির কোনো এক জায়গায় পুঁতে রেখে চলে গেলেন। পরদিন সকালে জ্বর একটু কমলেও সন্ধ্যার দিকে আবার বাড়ল। মা ভীষণ অস্থির হলেন, বাড়ির সবাই চিন্তায় পড়ে গেলেন। বাবা রাতে অনেক ছোটাছুটি করে এলাকার বড় কবিরাজকে আনলেন। তিনি আমাকে দেখার পর পান চিবোতে চিবোতে যা বললেন, তার সারমর্ম হলো: এই জ্বর সহজে ছাড়বে না, সময় লাগবে। তার পরও ভালো হবে কি না, তা বলা যাচ্ছে না।মা আমাকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। রাতভর বৃষ্টিতে কবিরাজ বাড়িতে যেতে পারলেন না, আমাদের বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা হলো। পরদিন সকালে কবিরাজ আমাকে দেখে বললেন, অবস্থা ভালো মনে হচ্ছে এবং ওষুধ দিয়ে চলে গেলেন।এভাবে কবিরাজ প্রতিদিন আমাকে দেখে যেতেন। অবশেষে তিন সপ্তাহ পর আমার জ্বর ছাড়ল এবং যত দিনে আমি সুস্থ হলাম, তত দিনে প্রকৃতি নতুন চেহারায় ভরে উঠেছে। আমি নতুন প্রাণ ফিরে পেয়ে আবার সবার সঙ্গে খেলতে শুরু করলাম। অহনার হাতে হাত রেখে হারিয়ে যেতাম রূপকথার দেশে, যেখানে আমরা ছিলাম নীড়ছাড়া মুক্ত বিহঙ্গ। তারপর জীবনে যত বর্ষা এসেছে, সবই কেটেছে ওই একটি বর্ষার স্মৃতি মনে করে, আর শাপলা তো আজও পরম আরাধনার ফুল।জোনাকিসরকারি আযীযুল হক কলেজবগুড়া।