
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের এক বছরের কর্মকাণ্ডকে মূল্যায়ন করেছেন সাবেক একজন মেয়র ও বিশিষ্ট দুই নাগরিক। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুল হক
একজন জনপ্রতিনিধির সাফল্য-ব্যর্থতা নির্ণয়ের জন্য এক বছর বেশি সময় নয়। তবে বিভিন্ন পেশার লোকজন আমার কাছে তাঁদের কষ্টের কথা বলতে আসছেন। তাঁদের অভিযোগ, করের বোঝা নাকি বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিউশন ফি দ্বিগুণ করা হয়েছে। আমার মেয়াদে কম খরচে অবহেলিত-বঞ্চিত শিশুদের স্কুলগামী করার চেষ্টা করেছি। এতে সাফল্যও পেয়েছিলাম। এখন শিক্ষার জন্য দ্বিগুণ খরচ বহনের সামর্থ্য সবার আছে কি না, তা বিবেচনা করতে হবে।
এখনো নগরে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংকট পুরোপুরি সুরাহা হয়নি। যদি এসব সমস্যা পুরোপুরি সমাধান হয়, তখন কর বাড়ানো যেতে পারে। আমার মনে হয়, দৃশ্যমান বড় পরিবর্তন এখনো হয়নি। পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। নগরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বর্ষা এলে বোঝা যাবে, জলাবদ্ধতা রোধে আদৌ কিছু হয়েছে কি না।