পার্কের অভ্যন্তরে বাঘ, ভালুক, হাতি, হরিণ, সিংহ, খরগোশ, কুমির, সাপ সবই আছে। কিন্তু এই বর্ষায় ঘন অরণ্যে দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে খাঁচায় বন্দী ছোট আকৃতির সোনালি রঙের তারকা কচ্ছপ আর ময়না পাখি। পানির আশ্রয় ছেড়ে যখন ডাঙায় এসে কচ্ছপগুলো হাঁটাহাঁটি শুরু করে, তখন মনটা আনন্দে ভরে ওঠে। গত বৃহস্পতিবার বিকেলে পার্কে ভ্রমণ শেষে বন্য প্রাণী দেখার অভিজ্ঞতার কথা বললেন ঢাকার খিলগাঁও এলাকা থেকে আসা ব্যবসায়ী রাইসুল আলম চৌধুরী (৪৫)। তিনি স্বপরিবারে গত ৫ জুন কক্সবাজারে ভ্রমণে এসে হরতালে আটকা পড়েন। বৃহস্পতিবার হরতালের শেষ দিনে কক্সবাজার থেকে চকরিয়ার ডুলাহাজরায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ভ্রমণে যান। রাইসুল আলমের মতো অনেক পর্যটককেই সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা প্রজাতির বন্য প্রাণী ও পাখির সঙ্গে যুক্ত হওয়া বিপুলসংখ্যক তারকা কচ্ছপ ও ময়না পাখি দর্শকদের অন্য রকম আনন্দ দিচ্ছে। প্রতিদিন শত শত দর্শনার্থী পার্ক পরিদর্শনে গিয়ে খোঁজ নিচ্ছেন তারকা কচ্ছপ ও ময়না পাখিগুলোর। পার্কের কর্মকর্তারা জানান, তারকা কচ্ছপ ও ময়না পাখির মতো এখানে অনেক বিরল প্রজাতির পাখপাখালি ও বন্য প্রাণীর বিচরণ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, পার্কের ভেতরে ঢুকতেই নজরে পড়ে সড়কের দুই পাশে দুটি লোহার খাঁচা। খাঁচার ভেতর বিরল প্রজাতির তারকা কচ্ছপগুলো। একটি জলাধারও আছে খাঁচায়। কিছু কচ্ছপ সেখানে নেমে পানি খাচ্ছে। কিছু ডাঙার বালু ও ঘাসের ভেতর লুকিয়ে আছে। অন্য খাঁচায় বন্দী বেশ কটি ময়না পাখি। বারবার উড়াল দেওয়ার প্রাণান্ত চেষ্টা তাদের। হাত বাড়ালেই ময়নাগুলো উড়ে এসে জানান দেয়, বন্দী জীবন আর ভালো লাগছে না, নিয়ে চলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৪ মে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মালয়েশিয়া পাচারের সময় ৪৮০টি বিরল প্রজাতির তারকা কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপগুলো বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে সংরক্ষণের জন্য এই সাফারি পার্কে প্রেরণ করেন। দুই দিন পর অর্থাৎ ২৬ মে কচ্ছপগুলো এই সাফারি পার্কে অবমুক্ত করা হয়। তারকা কচ্ছপগুলো দেখতে খুবই সুন্দর এবং নজরকাড়া। এগুলো সংরক্ষণের পাশাপাশি বংশবিস্তার, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান জানান, তারকা কচ্ছপগুলো তৃণভোজী প্রাণী। পার্কের পরিবেশে খাপ খেয়ে কচ্ছপগুলো বড় হচ্ছে। সব কটি কচ্ছপ বর্তমানে সুস্থ রয়েছে। কচ্ছপগুলোকে নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।পার্কের কর্মকর্তারা জানান, গত বছরের ২ জুলাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয় ১৯০টি ময়না ও ২৫০টি মুনিয়া পাখি। শুল্ক কর্মকর্তারা পাখিগুলো উদ্ধার করে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করেন। পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে বিরল প্রজাতির এই পাহাড়ি ময়না পাখিগুলো সংগ্রহ করে বিদেশে পাচার করা হচ্ছিল। পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান জানান, পাখিগুলো উদ্ধারের সময় এবং পরে অসুস্থ হয়ে পড়েছিল। এতে কয়েকটা পাখির মৃত্যু হয়। কিছু পাখি সুস্থ করে ছেড়েও দেওয়া হয়েছে।