বর্ষার আগেই টেকসই বেড়িবাঁধ চায় সন্দ্বীপবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপকে জলাবদ্ধতা ও ভাঙনের হাত থেকে বাঁচাতে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই টেকসই বেড়িবাঁধ তৈরি করতে হবে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ৪ জানুয়ারি বেসরকারি সংস্থা কারিতাসের কালাপানিয়া কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দাবি তোলেন। কারিতাসের দিশা প্রকল্পের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালাপানিয়া দ্বীপবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন কারিতাসের দিশা প্রকল্পের কর্মকর্তা মোজাম্মেল হক। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বক্তারা বেড়িবাঁধের অভাবে সৃষ্ট সমস্যা তুলে ধরেন। বক্তারা বলেন, বেড়িবাঁধ না থাকায় বর্ষায় ফসলের মাঠ ও বাড়িঘর তলিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. আনসারুল হক, সুফিয়া বেগম ও মো. আকতার হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রহিম মোহাম্মদ, মিজানুর রহমান, ইলিয়াস কামাল, মহিউদ্দিন শাহজাহান, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, বাদল রায়, আল মনসুর ও দিশা প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের কর্মকর্তা মো. শাহ আলম মিয়া।