বর্ষার আগেই পানি-কাদায় একাকার চাতরী বাজার

বর্ষা এখনো আসেনি। তার পরও সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদায় ভরে যায় আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণকে। বৃষ্টি শুরু হলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কিত এখানকার ব্যবসায়ীরা।
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাজার আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার। এ বাজারের ওপর দিয়ে চলে গেছে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক। কেবল আনোয়ারা উপজেলার লোকজন নয়, পিএবি সড়ক দিয়ে চলাচলকারী লোকজনও এ বাজার থেকে কেনাকাটা করেন। কিন্তু ব্যস্ততম এ বাজারটির দৈন্যদশার শেষ নেই। প্রায় সারা বছর প্যাচপ্যাচে কাদার যন্ত্রণা ভোগ করতে হয় এখানকার ক্রেতা-বিক্রেতাদের। সম্প্রতি হালকা বৃষ্টিতেই বাজারের সব জায়গায় পানি জমেছে।
এখানকার ব্যবসায়ীরা জানান, সড়কের যানজট এড়াতে ২০১২ সালে চাতরী বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তবে সম্প্রসারিত অংশে পানিনিষ্কাশনের ব্যবস্থা না করায় বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বাজার ও আশপাশের এলাকায়। চাতরী এলাকার বাসিন্দা আছাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সামান্য বৃষ্টিতেই পানি ও কাদায় ভরে ওঠে চৌমুহনী বাজার পুরো বর্ষা এলে জানি না কি দশা হবে!’
এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী বলদেব চাকমা বলেন, চাতরী বাজারের সমস্যা এখন আগের চেয়ে অনেক কম। তার পরও বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, সরেজমিন পরিদর্শন করে চাতরী চৌমুহনী বাজারের পানিনিষ্কাশনসহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।