বর্ষার আগেই শঙ্খের ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে শঙ্খ নদের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। বর্ষা আসার আগেই ভাঙনের মুখে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে ছয় শতাধিক ঘরবাড়ি। তলিয়ে গেছে ধানের খেত, মসজিদ ও মাদ্রাসা।

সম্প্রতি বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামে গিয়ে দেখা গেছে, শঙ্খের ভাঙনের কবলে পড়েছে ভেড়িবাঁধ। কোথাও কোথাও ভেড়িবাঁধ বিলীন হয়েছে শঙ্খের গর্ভে। বর্ষার আগেই শঙ্খের ভাঙন তীব্রতর হলেও ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ চোখে পড়েনি। সামনের বর্ষায় ভাঙন আরও ভয়ংকর আকার ধারণ করবে—এমন আশঙ্কা করছেন শঙ্খতীরের এই জনপদের বাসিন্দারা।

দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দারা জানান, বর্ষার শুরুতে শঙ্খের জোয়ারের টান বাড়লেই ভাঙনের তীব্রতা বাড়ে। গ্রামের বদি আলমের দোকান এলাকায় ভাঙন বেড়েছে। ইতিমধ্যে এ এলাকার অনেক বাড়িঘর তলিয়ে গেছে, বিলীন হওয়ার পথে বেড়িবাঁধটিও।

এলাকার ব্যবসায়ী আবুল বশর বলেন, গত কয়েক সপ্তাহে শঙ্খের ভাঙন অনেক বেড়েছে। ভাঙনের কারণে দুই কিলোমিটার ঘুরে বাসায় ফিরতে হয়।

গ্রামবাসী কাজী মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শঙ্খের ভাঙনে পড়ে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, বাপ-দাদার বসতভিটাও চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব?’ নদীর পাড়ের বাসিন্দা মো. ইউসুফ বলেন, ‘বর্ষা চলে এসেছে, জানি না এবার আমাদের কপালে কী আছে। শঙ্খ এখনই যেভাবে ভাঙছে, বর্ষা এলে কী অবস্থা হবে ভেবেই বুক কাঁপছে।’

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত পাঁচ বছরে দক্ষিণ তৈলারদ্বীপে শঙ্খের ভাঙন বেড়েছে। কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, তৈলারদ্বীপের ৫০০ মিটার এলাকায় বাঁধ সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে। এ বিষয়ে আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘তৈলারদ্বীপে শঙ্খের ভাঙনের বিষয়ে শুনেছি। এ ব্যাপারে ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হবে।’ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দক্ষিণ তৈলারদ্বীপ ঘুরে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।