বর্ষার রাগ-রাগিণী নিয়ে সদারঙ্গের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদারঙ্গের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী
সদারঙ্গের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী

চট্টগ্রামের উচ্চাঙ্গসংগীত চর্চার সংগঠন সদারঙ্গের পরিবেশনায় মুগ্ধ ঢাকার দর্শকেরা। এই সংগঠনের আয়োজনে ঢাকার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গত ২৯ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বর্ষার রাগ–রাগিণী অবলম্বনে মেঘমল্লারে সুরবর্ণালী শীর্ষক উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান। 
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। অতিথি ছিলেন শিল্পী হাসিনা জাকারিয়া, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সম্পাদক বিশ্বজিৎ রায় ও নাট্যজন রামেন্দু মজুমদার।
আলোচনা সভায় বক্তারা উচ্চাঙ্গ সংগীত সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয়ের পাঠক্রমে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান সরকারের কাছে।
শিল্পী হাসিনা জাকারিয়া বলেন, ‘পাকিস্তান আমলেও সংগীতশিক্ষা পাঠ্যসূচিতে ছিল ঐচ্ছিক বিষয় হিসেবে। এখন সেটা হারিয়ে গেল। তা আবার মূলধারার শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে।’
বিশ্বজিত রায় বলেন, শাস্ত্রীয়সংগীত চর্চার মূল ভিত্তিটা শৈশবেই তৈরি হয়। এ জন্য সরকারি উদ্যেগে সংগীত শেখার ব্যবস্থা করা উচিত।
বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, সংগীতশিক্ষাকে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক করতেই হবে।
ছোটবেলা থেকে সংগীতের সুর শুনতে শুনতে শিশুদের কান তৈরি হবে। সংগীতের প্রসার ঘটলে সমাজ থেকে সাম্প্র্দায়িকতাও দূর হবে।
কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের দেশেই এক সময় শাস্ত্রীয়সংগীতের চর্চা হতো। এখন তা নেই বললেই চলে। তার প্রধান কারণ পৃষ্ঠপোষকতা নেই। আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ, গুল মোহাম্মদ প্রমুখ গুণী উস্তাদরা এ দেশেই জন্মেছিলেন। শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে দায়িত্ব নিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে সদারঙ্গ যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপ দিতে হবে।’
দ্বিতীয় পর্ব শুরু হয় সমাবেত সংগীত দিয়ে। সদারঙ্গের ৩০ জন শিল্পী দেশ রাগে রচিত ‘সাজনা ঘরে আয়ি’ বন্দিশটি পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর শিল্পী স্বর্ণময় চক্রবর্তী পরিবেশন করেন মেঘ রাগ। সন্তুরে রাগ দেশ পরিবেশন করে আসর মাত করেন শিল্পী সালাউদ্দিন মাহমুদ।
সব শেষে ছিল ঢাকার সাধনা এবং ভারতের পশ্চিমবঙ্গের নৃত্য সংগঠন ‘পরম্পরার শিল্পীদের যৌথ পরিবেশনা বাঁশি’ শীর্ষক দলীয় নাচ। এই দলীয় নাচ পরিচালনা করেন শিল্পী লুবনা মরিয়ম।