বর্ষার সন্ধ্যায় গান ও কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিজুড়ে সব খানেই বর্ষার আগমনী ধ্বনি। তাই বর্ষাকে বর্ণাঢ্যভাবে বরণ করে নিতে আষাঢ়ের দ্বিতীয় দিনেই ছিল তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন। থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ‘বাদল সাঁঝের কাব্য’ শীর্ষক এ অনুষ্ঠানে আকাশে কালো মেঘের ঘনঘটা দেখেও প্রচুর দর্শক-শ্রোতার আগমন ঘটে। গান, কথামালা আর আবৃত্তিতে উৎসবমুখর হয়ে ওঠে মিলনায়তন।বিকেল সাড়ে পাঁচটায় নাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদ আবছার চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।‘বাদলা হাওয়ার গান’ পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শিল্পীরা সমবেত কণ্ঠে একে একে পরিবেশন করেন ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘আজি ঝরঝর মুখর বাদর দিনে’, ‘মন মোর মেঘের সঙ্গী’সহ বেশ কয়েকটি বর্ষার গান।এরপর সুমি দাশের কণ্ঠে ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’ গান এবং সাইদুর রহমানের রবিঠাকুরের ‘একটি দিন’ কবিতাটির মধ্য দিয়ে শুরু হয় একক সংগীত ও আবৃত্তি। তারপর একে একে গান ও আবৃত্তি করেন শিল্পী মো. মুজাহিদুল ইসলাম, ইভা চৌধুরী, শান্তা সাহা, সুমি বিশ্বাস, বৈশাখী নাথ, মিঠু তলাপাত্র, আল তুষি এবং সিদ্ধার্থ শংকর দে। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী আইরিন সাহা এবং নজরুলসংগীতশিল্পী দীপেন চৌধুরী। আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের, নির্মাণ আবৃত্তি অঙ্গনের মাহবুবুর রহমান, বোধন আবৃত্তি পরিষদের জাভেদ হোসেন, প্রমা আবৃত্তি সংগঠনের মোহিত বিশ্বাস, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের মাসুদ তালুকদার এবং সূচয়ন ললিতকলাকেন্দ্রের তাসকিয়াতুন নূর। এ ছাড়া বৃন্দ আবৃত্তি ‘গগনে গরজে মেঘ’ পরিবেশন করেন প্রান্তিকা সাহা, শ্রাবণী পাল, সৌরভী নাথ, সুস্মিতা দত্ত, সাইকি আরাফাত, আবদুল ওয়াদুদ, বিজয় কর, মো. নাছের উদ্দীন, মো. নাজিমুজ্জামান, ইভা সাহা, মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মো. সরওয়ার উদ্দীন চৌধুরী, তিথি বিশ্বাস, বীথি বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন, মো. ইলিয়াস ও হাফিজুর রহমান।