এই রোদ আবার কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি। এখন তো ঘোর বর্ষা। আর এই সময়ে কোথাও নিমন্ত্রণে যাচ্ছেন? তখন শাড়ির সঙ্গে চুলে একটা খোঁপা বেঁধে নিন। ব্যস এই তো বর্ষার পরিচিত সাজ।
মিউনিস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন জানালেন, বর্ষায় শাড়ির সঙ্গে খোঁপাটা বেশ মানিয়ে যায়। এখন খোঁপা বাঁধারও অনেক ধরন দেখা যায়। কোনো নিমন্ত্রণে যাচ্ছেন তখন নীল কাতানের সঙ্গে খোঁপায় একটি কাঁটা গেঁথেই দেখুন না। শাড়ির সঙ্গে মিলিয়ে এই খোঁপাগুলো কীভাবে আপনি ঘরে বসেই করে নিতে পারেন তাই দেখিয়ে দিলেন তানজিমা শারমীন।

বব বান
কেশগুচ্ছকে উঁচু করে বেঁধে নিন। তারপর বের হয়ে থাকা চুলগুলো আরেকবার পেঁচিয়ে বেঁধে ফেলুন। আর বের হয়ে থাকা বাকি কেশগুচ্ছ রাবার ব্যান্ডের ভেতর ঢুকিয়ে খোঁপাটা ফুলিয়ে নিন।

সাইড বান
আপনার চুলগুলোকে এক পাশে আঁচড়ে নিন। তারপর ওপর থেকে টুইস্ট কিংবা রোল করে ববি পিন দিয়ে আটকে রাখুন। এবার ছেড়ে রাখা চুলগুলো মুড়িয়ে খোঁপা করে ফেলুন। চাইলে সামনে কগাছি চুল বের করে রাখতে পারেন। এবার পেছনের খোঁপায় গুঁজে দিন তিন বা চার লহরের চেইন ঝোলানো কাঁটা।

টুইস্ট খোঁপা
প্রথমেই আপনার চুলগুলোকে দুভাগে ভাগ করে নিন। এক অংশের চুলগুলো খোঁপায় বেঁধে নিন। এবার আরেক অংশের চুলগুলো কয়েকটি ভাগ করে টুইস্ট বা পেঁচিয়ে নিন। টুইস্ট করা চুলগুলো অল্প অল্প করে বেঁধে নেওয়া চুলের সঙ্গে আটকে নিন। জমকালো শাড়ির সঙ্গে পুঁতি বসানো ববি পিন আটকে নিতে পারেন।