বর্ষায় গাড়ি চলে না ধুলোবালি-খানাখন্দে প্রাণ ওষ্ঠাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্র্রতি পদুয়ার দরগাহ মুড়া এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী মনোয়ারা বেগমের (৩০) প্রসব বেদনা উঠলে আর কোনো যানবাহন না পেয়ে রিকশায় করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু বাড়ি থেকে লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার একমাত্র মাধ্যম পেঠান শাহ সড়ক। সড়কের অবস্থা এতই নাজুক যে যাওয়ার পথে রিকশার ঝাঁকিতে তাঁর ব্যথা আরও বেড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সাহায্যে সড়কের পাশে একটি বাড়িতে তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়। লোহাগাড়ার পদুয়ার পেঠান শাহ সড়কের একেবারেই শোচনীয় অবস্থা। কাঁচা এ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো সময়। বর্ষায় সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। কাদায় এমন অবস্থা হয়, হেঁটে চলাও দায় হয়ে পড়ে। আর গ্রীষ্ম-শীতে ধুলোবালি ও খানাখন্দে পড়ে গাড়ির ঝাঁকিতে প্রাণ যায় যায় অবস্থা হয়।জানা যায়, সড়কটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে প্রতিদিন নোয়াপাড়া, দরগাহ মুড়া, মাঝেরপাড়া, সিকদার বাড়ি, ইয়াছিনপাড়া, শাহ্পাড়া, বল্লিপাড়া, বাড়িপাড়া, কুমারপাড়া, মহাজনপাড়ার প্রায় ২০ হাজার লোকজন নিয়মিত যাতায়াত করে। পাশাপাশি সড়কটি ভাগ্যকুল ও হলদিয়া হয়ে বান্দরবানের সঙ্গে সংযুক্ত হওয়ায় ওই অঞ্চলের লোকজনও এ পথে চলাচল করে।স্থানীয় লোকজন জানান, প্রতিবার জাতীয় এবং স্থানীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এ সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর তাঁরা সব ভুলে যান। জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের জন্য দাবি জানালে ‘করছি, করব’ বলে সময় পার করেন। এলাকার প্রবীণ শিক্ষক জামাল উদ্দিন জানান, বর্ষাকালে এ এলাকার কোনো শিক্ষার্থী কাদামাটির কারণে বিদ্যালয়ে যেতে পারে না। ফলে শিক্ষার্থীদের দীর্ঘ অনুপস্থিতিতে অনেকেই লেখাপড়ার আগ্রহ হারায়। পাড়ার সর্দার হামিদ হোছেন বলেন, ‘বর্ষাকালে কোনো চিকিৎসক আমাদের এলাকায় আসতে চায় না। এমনকি সামাজিক অনুষ্ঠান ও লাশ দাফন করতেও পড়তে হয় নানা বিড়ম্বনায়।’ এ ব্যাপারে পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ‘সড়কটি অতি গুরুত্বপূর্ণ। এটি সংস্কারের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোহাগাড়া উপজেলা প্রকৌশলী এস এম রাশেদুর রহমান বলেন, ‘সড়কটিতে জনদুর্ভোগ বাড়ছে এটি সত্য। তবে এখনো পর্যন্ত সড়কটিতে ইট আচ্ছাদন বা সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না আমার জানা নেই।’লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা বলেন, ‘সরেজমিন পরিদর্শন শেষে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’