বর্ষায় দরজা জানালার যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় দরজা-জানালার কী সমস্যা হয় এবং কেমন হবে এগুলোর যত্ন এ ব্যাপারে কিছু টিপস দিয়েছেন ঢাকার কারওয়ান বাজারের দ্য নিউ ফার্নিসার্সের প্রধান কারিগর ফরিদ উদ্দিন, যিনি এ কাজ করছেন প্রায় ২০ বছর ধরে। দরজা-জানালার প্রধান শত্রু পানি। তাই বর্ষায় দরজা-জানালা যত দূর সম্ভব পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। দরজা-জানালার ধুলাবালু, ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ, জমে থাকা ধুলাবালু পানিতে ভিজে দরজা-জানালার বেশি ক্ষতি করে। বর্ষায় স্যাঁতসেঁতে পরিবেশে আর্দ্রতার কারণে কাঠের দরজা-জানালায় ঘুণপোকাসহ অন্যান্য পোকার আক্রমণ ঘটে। তাই বর্ষার শুরুতেই ন্যাপথলিন, নিম ও মোমের মিশ্রণ দরজা-জানালায় স্প্রে করা যেতে পারে। বর্ষায় দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি কারণ দুর্বল পালিশ। পালিশ দুর্বল বা পাতলা হলে পানি সহজেই আক্রমণ করে। তাই বর্ষার আগে একবার ও বছরে দুবার বার্নিশ বা পালিশ করিয়ে নেওয়া যেতে পারে। তবে বৃষ্টির দিনে পালিশ করলে পালিশ দীর্ঘস্থায়ী হয় না। তাই বর্ষায় পালিশ না করানোই ভালো। বারান্দার দরজা-জানালা এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই দরজায় পাতলা সিআই শিটের আলাদা প্রলেপ লাগানো যেতে পারে। এতে দরজা পানির হাত থেকে রক্ষা পাবে। বৃষ্টিতে দরজা ভিজে যাওয়ার পর যদি প্রচণ্ড রোদ ওঠে, তাহলে দরজা পাতলা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা যেতে পারে। না হলে দরজার গোড়া খুলে যাওয়ার আশঙ্কা থাকে। আর জানালার ওপর যদি সানশেড না থাকে, তাহলে সানশেড তৈরি করে নেওয়া ভালো। দরজা-জানালা পানিতে ভিজে গেলে তা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। কখনোই ভেজা কাপড় দিয়ে মোছা উচিত নয়। ভেজা দরজা-জানালা খালি হাতে ধরা উচিত নয়। জানালা বাইরের দিকে থাকায় এর যত্ন সচরাচর নেওয়া হয় না। তবে প্রতি সপ্তাহে অন্তত একবার যখন বৃষ্টি থাকে না তখন জানালা পরিষ্কার করা উচিত। বর্ষায় দরজা-জানালাগুলো পানির সংস্পর্শে এসে একটু শক্ত হয়ে যায়। এতে দরজা-জানালা লাগাতে গেলে সমস্যা হয়। দরজা-জানালার ছিটকিনি ও কবজাগুলোতে বর্ষায় নিয়মিত তেল দিলে এ সমস্যার সমাধান হবে। বর্ষায় দরজা-জানালার কাঠ পানি গ্রহণের ফলে আয়তনে বেড়ে যায়। কোনো ভালো মিস্ত্রি ডেকে এ সমস্যার সমাধান করা যাবে। বর্ষা শেষে মিস্ত্রি ডেকে দরজা-জানালাগুলো ভালো করে পরীক্ষা করিয়ে নিতে পারেন কোনো সমস্যা হয়েছে কি না। পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো কিছু ভালো রাখার মূল উপায়। তাই দরজা-জানালার সঠিকভাবে যত্ন নিন, যেন তা দীর্ঘস্থায়ী হয়।