বর্ষায় নিত্যসঙ্গী
আকাশে মেঘের কোনো দেখা নেই, অথচ বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি আর আপনাকে করে দিয়ে গেল একেবারে কাকভেজা। বর্ষাকালে বিনা নোটিশে এমন বৃষ্টিপাত হতেই থাকবে। কিন্তু তাই বলে কি আর নিত্যদিনের কাজগুলো ফেলে রেখে ঘরে বসে থাকা চলে? হঠাৎ বৃষ্টির এমন বিড়ম্বনা থেকে রেহাই পেতে সব সময় সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট। বাজারে এখন নানা মানের বিভিন্ন রকমের ছাতা কিনতে পাওয়া যায়। তবে এখন দুই ভাঁজের ছোট ছাতার চাহিদাই বেশি। কারণ, এটি সহজে বহনযোগ্য এবং ব্যাগে এর জন্য জায়গাও লাগে কম। বিশেষ ধরনের রোদ প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি স্টিলের এক ধরনের ছাতা কিনতে পাওয়া যায়, যা ভাঁজ করলে একেবারে ছোট হয়ে আসে। আপনি চাইলে মাঝারি আকারের কোনো ব্যাগেও তা অনায়াসে বহন করতে পারবেন। এক ভাঁজের বা ভাঁজবিহীন ছাতাও বেশ টেকসই। তবে আকারে বেশি বড় বলে এটি বহন করা কিছুটা কষ্টকর।ছাতা যে কেবল বৃষ্টির সময় আপনার একান্ত সঙ্গী, তা কিন্তু নয়, বরং এটি মাঝেমধ্যে আপনার ফ্যাশনসচেতনতা এবং রুচিবোধেরও পরিচয় দিয়ে থাকে। যে ছাতাটি ব্যবহার করছেন, তা যদি হয় একটু সুন্দর ও আকর্ষণীয়, তাহলে তো ভালোই।জংলি প্রিন্টের ছাতা তো পাবেনই; চেক, এক রঙের বা হালকা প্রিন্টের ছাতাও আছে। ছাতা নির্বাচনের সময় কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যেমন—ছেলেদের ফুল, লতাপাতা প্রিন্টের এবং লেইসের ছাতা ব্যবহার না করাই ভালো। আবার কার্টুন প্রিন্টের ছাতা ছোটরা ব্যবহার করলেই মানাবে। মেয়েরা একঘেয়ে সাদা এবং কালো রং এড়িয়ে গিয়ে একটু উজ্জ্বল রঙের অথবা লেইসের ছাতাও নির্বাচন করতে পারেন।ঢাকার নিউমার্কেটে, বায়তুল মোকাররম মার্কেট ও পাটুয়াটুলীতে ভালো মানের ছাতা কিনতে পারবেন। নিউমার্কেটের সুরভি ট্রেডার্সের কর্মী জানালেন বিভিন্ন ধরনের ছাতার দরদাম—এখানে দুই ভাঁজের ছাতা পাবেন ৩০০ থেকে ৪৫০ টাকায়, এক ভাঁজের ছাতা ২৫০ থেকে ৩২০ টাকায় পাবেন। তিনি আরও জানালেন, সুইচ সিস্টেমের ছাতার চেয়ে ম্যানুয়াল ছাতা টেকে বেশিদিন। আর ম্যানুয়াল ছাতা নষ্ট হয়ে গেলে সহজে সারানোও যায়।ছাতার ব্যবহার ঝামেলার মনে হলে ছাতার বিকল্প হিসেবে রেইনকোট ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের রেইনকোটের দাম তুলনামূলক কম হলেও তা টেকসই নয়, বরং একটু বেশি দাম দিয়ে কিনে প্যারাসুট কাপড়ের তৈরি রেইনকোট ব্যবহার করাই ভালো।প্লাস্টিকের রেইনকোটের দাম পড়বে ২৫০ থেকে ৩৫০ টাকা এবং প্যারাসুট কাপড়ের তৈরি রেইনকোটের দাম ৩০০ থেকে ৭০০ টাকা।এই বর্ষায় তাহলে আপনার ছাতা বা রেইনকোটটি সঙ্গে নিয়ে নির্ভয়ে বেরিয়ে পড়ুন।