বর্ষায় নৌকা, শীতে সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় টংকাবতী খালের ওপর নির্মিত সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা l প্রথম আলো
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় টংকাবতী খালের ওপর নির্মিত সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকাসংলগ্ন টংকাবতী খালের ওপর একটি সেতুর অভাবে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষজন। সেতু না থাকায় লোহাগাড়া আমিরাবাদ সদর ইউনিয়ন ও সাতকানিয়া সদর ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ সহজ হচ্ছে না। বর্ষায় ওই এলাকার মানুষজন নৌকায় এবং শীতকালে সাঁকো দিয়ে টংকাবতী খাল পারাপার করে।

লোহাগাড়া উপজেলার প্রচুর মানুষ নানা প্রয়োজনে প্রতিদিন সাতকানিয়া যায়। টংকাবতী খালের ওপর সেতু না থাকায় তাঁদের অনেককেই বহু পথ ঘুরে সাতকানিয়ায় যেতে হয়। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার জানান, লোহাগাড়ার দেওয়ানি ও যুগ্ম জেলা জজ আদালত সাতকানিয়ায় অবস্থিত। ফলে এ এলাকার মানুষজনকে প্রতিদিন বিভিন্ন কাজে সাতকানিয়ায় যেতে হয়। কিন্তু টংকাবতী খালে সেতু না থাকায় সাতকানিয়া সদরে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয়। সেতুটি নির্মিত হলে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার কমবে।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রথম আলোকে বলেন, প্রায় ৮০ মিটার দীর্ঘ টংকাবতী খালে সংযোগ সেতু নির্মাণে নির্বাহী প্রকৌশলীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সম্প্রতি মাস্টারহাট এলাকায় গিয়ে দেখা যায়, বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে স্থানীয় লোকজন। কয়েকজন পথচারী জানান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে স্থানীয় এক ব্যক্তি খালের ওপর সাঁকো তৈরি করছেন। এ সাঁকো দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যানগাড়ি টোলের বিনিময়ে চলাচল করে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান, সেতুটি নির্মাণ করা হলে লোহাগাড়া-সাতকানিয়ার যোগাযোগব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও বেড়ে যাবে। সেতুর দুই প্রান্তের কৃষকেরা উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারবেন। সেতু নির্মাণে প্রশাসনসহ স্থানীয় সাংসদের সহযোগিতা চাওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই উপজেলাকে সংযুক্ত করতে টংকাবতী খালের ওপর সেতু নির্মাণের বিকল্প নেই। এলাকার মানুষের উন্নয়ন ও সুবিধার কথা ভেবে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।