বর্ষায় পরিপাটি পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিভেজা পোশাক শুকিয়ে নিন দ্রুত। মডেল: এলভিন, ছবি: নকশা
বৃষ্টিভেজা পোশাক শুকিয়ে নিন দ্রুত। মডেল: এলভিন, ছবি: নকশা

ড্রয়ারের তাক খুলেই মেজাজ খারাপ। পরিষ্কার করে শুকিয়ে রাখা সাধের পোশাকের এ কি হাল! কড়কড়ে পোশাকটা কেমন যেন নেতিয়ে গেছে। পোশাকের ওপরে জমে গেছে ছিটা দাগ। ভেজা দিনের স্যাঁতসেঁতে পরিবেশে এই ঝামেলায় পড়েন অনেকেই। বাইরে যাওয়ার আগমুহূর্তে এমন ঝামেলা এড়াতে তাই আগের দিনই পোশাকটা বের করে নিতে পারেন। ফ্যাশন হাউস ড্রেসিডেলের স্বত্বাধিকারী মায়া রহমান বলেন, ‘বাদলা দিনে পোশাক নিয়ে এমন ঝামেলা হবেই। তবে চাইলে আবার এসব ঝামেলা এড়িয়ে চলা যায়। ড্রয়ারে রাখা পোশাকগুলো মাঝেমধ্যে বাইরে খোলা জায়গা কয়েক ঘণ্টা ছড়িয়ে রেখে দিতে পারেন। মাঝেমধ্যে রোদের দেখা মিললে একটা একটা করে রোদের তাপে দিতে পারেন। এতে পোশাকটা ভালো থাকবে। আর বাইরে থেকে ফিরে অবশ্যই পোশাকটা শুকিয়ে তারপর ড্রয়ারে রাখুন। আর মোটা কাপড়ের পরিবর্তে জর্জেট বা পাতলা ধরনের পোশাক পরলেই এই সময়ে সুবিধা হবে।’
এই সময়ে পোশাকটা যত্নে রাখতে কী করতে পারেন সে বিষয়ে কথা হলো ফ্যাশন ডিজাইনার ও লন্ড্রি কর্মীদের সঙ্গে। কীভাবে যত্ন নেবেন বাদলা দিনের পোশাক-আশাক, দেখে নিন তারই কিছু পরামর্শ।
পোশাকের যত্নে
* রোদের দেখা পেলেই পোশাকগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে বা তারের ওপরে মেলে শুকিয়ে নিন।
* টানা কয়েক দিন ধরে বৃষ্টি চললে কাপড়গুলো ঘরের মধ্যে আলনায় ছড়িয়ে দিয়ে দরজা-জানালা খোলা রাখুন। অথবা বাইরে যাওয়ার আগে মাঝেমধ্যে আলমারির পাল্লা খুলে রেখে দিলে বাতাস চলাচল করতে পারবে।
* ফ্যানের নিচে কাপড় রেখে বাতাসে শুকিয়ে নিতে পারেন।
* পরিষ্কার শুকনো কাপড়ের সঙ্গে ময়লা কাপড় রাখবেন না, এতে পরিষ্কার কাপড়ের ওপরে সহজেই ছিটা দাগ পড়বে।
* বাইরে থেকে ভেজা কাপড়ে আসলে অবশ্যই সেটা ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে।
* এই সময়ে যতটা সম্ভব মোটা কাপড়ের পোশাক এড়িয়ে চলুন। জিনস বা খাদি ধরনের কাপড় হলে শুকাতে সময় লাগবে।
* সাদা পোশাক পরে বাইরে গেলে যদি বৃষ্টির ছাঁট লেগে যায় তাহলে ঘরে ফিরেই শুকিয়ে নিন। না হলে কাপড়ে পানির স্থায়ী দাগ পড়ে যাবে।
* বাইরে যাওয়ার সময় ছাতা বা বর্ষাতি সঙ্গে রাখুন, এতে নিজের পাশাপাশি পোশাকও বৃষ্টি থেকে রক্ষা পাবে।
* যা পরে নিয়মিত অফিসে যান, সম্ভব হলে অতিরিক্ত দুই একটা পোশাক অফিসের ড্রয়ারে রেখে দিতে পারেন। কাকভেজা হয়ে তো অফিস করতে পারবেন না।
* পোশাকের গুমোট ভাব কাটাতে চাইলে বাজার থেকে সুগন্ধি সাবান কিনে ওয়্যারড্রোব বা আলমারির মধ্যে ঝুলিয়ে দিতে পারেন। এ ছাড়া কমলা বা মাল্টার খোসার ওপর লবঙ্গ দিয়ে গোটা কমলাটা ড্রয়ারের ভেতরে রাখতে পারেন এক দিন। তাতে কাপড় থেকে সুগন্ধ ছড়াবে।