বর্ষায় বইয়ের যত্ন
বাইরে ঝুম বৃষ্টি। ঘর থেকে বাইরে পা ফেলার উপায় নেই। তখনই মনে হয়, অখণ্ড অবসরটা দারুণভাবে উপভোগ করার উপায় হলো প্রিয় কবিতার বইয়ের পৃষ্ঠা উল্টে দেখা। তবে বাদলা দিনে একটু খেয়াল না করলেই সে শখ হয়তো পূরণ হবে না। কেননা, তত দিনে বইয়ের যে হাল হয়েছে। বইয়ে হাত দিতেই ছত্রাকের অস্তিত্ব টের পাওয়া যাবে, আর উল্টাতে গেলেই খুলে যাবে একেকটি পৃষ্ঠা।বাদলা দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ফলে ব্যবহূত প্রতিটি জিনিসের জন্য দরকার বিশেষ যত্ন। তবে বাদ রইবে কেন শখের বইগুলো। বর্ষা মৌসুমে কীভাবে বইয়ের যত্ন নেওয়া যায়, সে সম্পর্কে বলেছেন জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী গ্রন্থাগারিক খন্দকার আসিফ মাহ্তাব। তিনি বলেন, এ সময় যেহেতু বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে বইয়ের ভেতরের পাতায় ভেজা ভেজা ভাব থাকে। তাই এ ঋতুতে বইয়ের দেখভালটা ঠিকঠাক হওয়া দরকার। সবচেয়ে ভালো হয় বইগুলো যদি শীতাতপ-নিয়ন্ত্রিত কোনো ঘরে রাখা যায়। এতে করে শুষ্ক ভাব থাকে। আর শুষ্কতা থাকা মানেই বইয়ের পৃষ্ঠার ভেজা ভাব দূর হওয়া। বইয়ের পৃষ্ঠা ভেজা থাকলেই পোকার আক্রমণ করতে সুবিধা হয়। এ সময় বই রাখার তাক বা শেলফে বই আঁটসাঁট করে না রাখাই ভালো; বরং বই খাড়াভাবে কিছুটা ফাঁকা করে রাখাই ভালো। আবার মাঝেমধ্যে নাড়াচাড়া করার কথা বলেন তিনি। এতে পোকা বাসা বাঁধার সুযোগ পায় না। বই সব সময়ই পানি থেকে দূরে রাখতে হবে। অনেকেই শখের বশে জানালার কাছে বই রাখার তাক রাখেন। তাঁদের উচিত, বৃষ্টি এলেই জানালা আটকে রাখা। কয়েক দিন অন্তর বই শেলফ থেকে নামিয়ে কাপড় দিয়ে মুছতে হবে। মাসে অন্তত একবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বই এবং বই রাখা শেলফ পরিষ্কার করা উচিত। পোকার হাত থেকে বাঁচাতে বইয়ের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন দেওয়া যেতে পারে; কিংবা ব্যবহার করা যেতে পারে ডাইক্লোরো ডাইফিনাইল জাতীয় রাসায়নিক পাউডার। বর্ষণের ফাঁকে সূর্যের মুখ দেখা গেলেই বই রোদে দেওয়া উচিত। তবে খুব বেশি সময় তীব্র রোদে বই না রাখাই ভালো। এতে দুর্বল বইয়ের পাতা কুঁকড়ে যায়। থুথু দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টানো উচিত নয়। নিউজপ্রিন্টের বই দ্রুত নষ্ট হয়ে যায়, তাই সম্ভব হলে বাঁধিয়ে নেওয়া যেতে পারে।বইয়ের বিশেষ যত্ন নিলে শখের বই এ ঋতুতেও থাকবে সুরক্ষিত।