বর্ষায় বাহারি স্যান্ডেল
বর্ষা মানেই মাথার ওপর টিপটিপ বৃষ্টি, আর পায়ের নিচে প্যাচপ্যাচে কাদাজল। তাই বর্ষায় প্রয়োজন বর্ষার উপযোগী স্যান্ডেল বা জুতা। চামড়া বা রেক্সিনের জুতো পানিতে খুব দ্রুত নষ্ট হয়। সে কথা মাথায় রেখে পরতে পারেন নরম রাবার বা প্লাস্টিকের তৈরি স্যান্ডেল। একটা সময় শুধু দুই ফিতার স্পঞ্জের স্যান্ডেলই পাওয়া যেত। এখন এসব স্যান্ডেলে এসেছে নকশার ভিন্নতা ও রঙের বৈচিত্র্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিধি বলেন, বর্ষায় গাঢ় রঙের পোশাক পরা হয় বেশি। তার সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের স্যান্ডেল পরতে ভালো লাগে। আর এখন ফ্যাশনই চলছে পা খোলা জুতোর। আজকাল বর্ষার স্যান্ডেলগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও আরাম। আর বেশ ফ্যাশনেবল। এই বর্ষায় যেমনঢাকার ফার্মগেটে অবস্থিত গ্যালারি অ্যাপেক্সের স্টোর ম্যানেজার এ কে আজাদ জানান, ফুল, রেখা আর জ্যামিতিক নকশার মিশেল দেখা যাবে তাঁদের সংগ্রহে। গোলাপি, বেগুনি রঙের মেয়েদের পাম্প শুও পাওয়া যাবে। দুই ফিতার স্যান্ডেলগুলোতে কাঠের পুঁতির হালকা কাজও থাকছে। ঢাকার বসুন্ধরা সিটির বাটার শোরুমের বিক্রয়কর্মী সাইফুল ইসলাম বলেন, প্লাস্টিকের সঙ্গে ভেলভেটের কাজ করা বর্ষার স্যান্ডেলগুলো তরুণেরা খুব পছন্দ করছেন। মেয়েদের স্যান্ডেলে জ্যামিতিক নকশার পাশাপাশি বিভিন্ন রঙের ফুলের কাজের চাহিদা বাড়ছে। উজ্জ্বল রংগুলোকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। তাই বর্ষার জুতা তৈরি হচ্ছে সাদা, নীল, গোলাপি, কালো, বেগুনি এমনকি পেস্তা রঙেও। বর্ষার স্যান্ডেল-জুতার সবচেয়ে নজরকাড়া বৈচিত্র্য খুঁজে পাবেন নিউমার্কেটের বিপরীতে অবস্থিত চাঁদনী চকের ফুটপাথের দোকানগুলোতে। দোকানি বশির মিয়া বলেন, কম দামি কিন্তু বেশি বৈচিত্র্যের জুতাই কিনছেন এ সময়ের ছেলেমেয়েরা। বোতাম, ফুল, ফিতা আর রেখার নকশায় তৈরি স্যান্ডেলগুলো দামেও সস্তা। বিভিন্ন পোশাকের সঙ্গে মিলিয়ে কিনে নিতে পারেন কয়েক জোড়া। দরদামগ্যালারি অ্যাপেক্স, বাটার মতো দোকানগুলোতে বর্ষার স্যান্ডেল পাবেন বিভিন্ন দামে। ছেলেদের জুতাগুলোর দাম পড়বে ১০০-২৫০ টাকা। স্যান্ডেল পাবেন আর একটু কম দামে ৪০-২৪০ টাকায়। মেয়েদের জুতা বা স্যন্ডেলের দাম পড়বে ১৯০-৪৫০ টাকা। বাচ্চাদের জুতো পাবেন ১৫০ টাকার মধ্যে। আর রাপা প্লাজা, এলিফ্যান্ট রোড, কিংবা নিউমার্কেটে ১৫০-২৫০ টাকার মধ্যেই পেয়ে যাবেন চমৎকার বর্ষার জুতো ও স্যান্ডেল।