বর্ষায় বিশ্বস্ত সঙ্গী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া চৌধুরী। সারা বছরই তিনি ব্যাগে একটি ছাতা রাখেন। এ নিয়ে অন্য বন্ধুরা যদিও হাসাহাসি করেন কিন্তু তাঁর স্পষ্ট কথা, ‘ছাতা আমার নিত্য সঙ্গী। বৃষ্টি কিংবা রোদ, ছাতা আমার লাগবেই।’ সামিয়ার মতো অনেকেই আছেন, যাঁদের ছাতা ছাড়া চলেই না। আবার এমনও অনেকে আছেন, যাঁদের কাছে ছাতা মানে যেন এক বিশাল বোঝা।
পছন্দ করুন আর না-ই করুন, এখনকার আবহাওয়ায় ছাতা অপরিহার্য। এই বর্ষা, এই কড়া রোদ। হুটহাট করে বৃষ্টি নামছে। কিন্তু মোটেই থেমে নেই আমাদের কর্মজীবন। স্কুল-কলেজে যাওয়া-আসা, অফিসে যাওয়া-আসা, ঈদের কেনাকাটা নানা কাজে প্রতিনিয়ত বাইরে বেরোতেই হচ্ছে। বছরের এ সময়টায় তাই বাইরে বের হওয়ার সময় মনে করে ছাতাটা না নিলেই পড়তে হয় বিপদে। বিশেষ করে যাঁরা নানা প্রয়োজনে প্রতিনিয়ত বাইরে ছোটাছুটি করেন, তাঁদের জন্য ছাতা খুবই জরুরি।
প্রয়োজনীয় কোনো কাজে বাইরে গেলেন, কিন্তু হঠাত্ বৃষ্টি! সঙ্গে ছাতা নেই। কোথাও আশ্রয় পেলে ভালো কথা। নয়তো বৃষ্টিতে আপনার যাত্রা-ভঙ্গ ঘটতে পারে! তাই সব সময় সঙ্গে একটা ছাতা রাখুন। কেননা, এ গরমে ঘামে ভেজা শরীরে হঠাত্ বৃষ্টিতে ভিজলে যেকোনো সময় বেঁধে যেতে পারে সর্দি-কাশি, জ্বর, মাথাব্যথাসহ বিভিন্ন রোগ।
বাজারে এখন নানা ধরনের ছাতা পাওয়া যায়। এগুলোর মধ্যে ভাঁজ করা যায় এমন ছাতাই চলছে বেশি। তরুণদের কাছে এই ছাতার জনপ্রিয়তাও বেশি। কেননা এগুলো সহজেই ব্যাগে রাখা যায়। তাই ছাতা যাঁদের কাছে বোঝা মনে হয়, তারা ভাঁজ করা যায় এমন ছাতা কিনতে পারেন। অবশ্য ছাতা ব্যবসায়ীরা কেবল তরুণদের কথা মাথায় রেখেই ছাতা তৈরি করেন না। বয়স্ক, নারী, পুরুষ, শিশু সবার জন্যই আছে বাহারি নকশায় নানা রঙের বৈচিত্র্যময় ছাতার সমাহার।
শিশুদের জন্য আকারে ছোট আর ফুল, পাখি, কার্টুন আঁঁকা ছাতা বেশি দেখা যায় দোকানে। বড়দের জন্যও আছে বিভিন্ন আকার, রং ও ডিজাইনের ছাতা। একসময় কেবল কালো রঙের ছাতাই দেখা যেত। এখন কালোর পাশাপাশি লাল, গোলাপি, বেগুনি, মেরুন, ফিরোজাসহ বিভিন্ন রঙের ও ছাপা নকশার ছাতা পাওয়া যায়। এখন মেয়েদের মধ্যে কালো ছাতা ব্যবহারের প্রবণতা কমে গেছে অনেকটাই। ছেলেদের ক্ষেত্রে অবশ্য রংদার ছাতার চেয়ে কালো বা এক রঙের ছাতার ব্যবহারই বেশি দেখা যায়। যে রঙের ছাতাই কিনুন না কেন, অ্যালুমিনিয়ামের শিক দেখে ছাতা কেনা ভালো। তাহলে ছাতায় সহজে মরিচা পড়বে না। ছাতা কেনার সময় অবশ্যই তা ভালো করে খুলে ও বন্ধ করে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন।
কেনাকাটা
হাতের কাছে, বাসার পাশের দোকানটায়ও পেয়ে যেতে পারেন পছন্দমতো ছাতা। তবে ভালো ব্র্যান্ডের ছাতা দেখে কেনাই ভালো। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ছাতা পাওয়া যায়। ডিজাইন, আকার ও মান অনুযায়ী বিভিন্ন কোম্পানির ছাতার দামেও তারতম্য আছে ভালোই। সাধারণ ছাতাগুলোর দাম ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। তবে দুই ভাঁজ ও তিন ভাঁজ করা যায় এমন ছাতার দাম একটু বেশি। ছোটদের ছাতা পাওয়া যাবে আগোরা, মিনাবাজার, ফ্যামিলি নিডসসহ বিভিন্ন চেইনশপে। এগুলো ৩০০ থেকে শুরু করে বিভিন্ন দামের পাওয়া যাবে। এ ছাড়া, নিউমার্কেট, গাউছিয়া, বঙ্গবাজারে অপেক্ষাকৃত কম দামে বিভিন্ন ধরনের ছাতা পাওয়া যায়।