বর্ষায় বেহাল দীঘিনালার সড়ক
খাগড়াছড়ির দীঘিনালার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় ভারী বৃষ্টিপাত ও খালের ভাঙনে সড়কগুলোর দশা বেহাল হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে উপজেলার বাসিন্দাদের।
উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কগুলোতে পানি জমেছে। এ ছাড়া অনেক স্থানে খান্দাখন্দ দেখা দিয়েছে। কয়েকটি সড়কের কালভার্টও ধসে গেছে। বোয়ালখালী পুরাতন বাজার থেকে জামতলী যাওয়ার সড়কটি বোয়ালখালী খালের ভাঙনের মুখে পড়েছে। এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বোয়ালখালী খালের ভাঙন থেকে বোয়ালখালী-জামতলী সড়ক রক্ষায় ২০১০ সালে প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এতে খরচ হয় চার লাখ ৩৩ হাজার ৮০৫ টাকা। কিন্তু কাজটি শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যে ধারক দেয়াল ও সড়কের অংশ একটি খালের মধ্যে ধসে পড়ে। বর্তমানে খালের ভাঙন আরও বেড়েছে। কেবল তাই নয়, বর্ষায় উপজেলার প্রায় সব অভ্যন্তরীণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ বলেন, বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় উপজেলার সড়কগুলো দিয়ে চলাচল করা যায় না। একমাত্র বোয়ালখালী-জামতলী সড়কই চলাচলের উপযোগী থাকে। খালের ভাঙনের কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে লোকজনকে অনেক ঘুরপথে যাতায়াত করতে হবে। এতে পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটবে।
বোয়ালখালী চৌমুহনী-জামতলী সড়কের সুধীর মেম্বারপাড়া এলাকায় দেখা যায়, একটি কালভার্টের দুই পাশের মাটি সরে গেছে। সড়কের দুই পাশেও ভাঙন দেখা দিয়েছে। জরুরিভিত্তিতে কালভার্টটির দুই পাশে ধারক দেয়াল নির্মাণ না করা হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এ ছাড়া পানছড়ি-লংগদু সড়কে অবস্থিত একটি কালভার্টের দুই দিকের সড়ক ধসে গেছে। সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এ ছাড়া উপজেলার বোয়ালখালী সড়কের দেড় কিলোমিটার এলাকার পিচঢালাই সম্পূর্ণ উঠে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কবাখালী-তারাবুনীয়া ও বোয়ালখালী-জামতলী সড়কের বেশ কিছু অংশ। সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে পানছড়ি-লংগদু সড়ক। সড়কটির থানা বাজার এলাকায় একটি কালভার্ট দেবে গেছে।
উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক জানান, সড়কগুলো পরিদর্শন করে নালা নির্মাণ, কার্পেটিংসহ প্রয়োজনীয় সংস্কারকাজের করার জন্য বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু করা হবে।