সময়টা পুরোপুরি বৃষ্টির দখলে। প্রকৃতির খেয়ালে যখন-তখন হুটহাট বৃষ্টি নামবে—এটাই এখন স্বাভাবিক। রোজ তাই ঘর ছাড়ার আগে সঙ্গে নিয়ে নিন দরকারি অনুষঙ্গ—ছাতা, রেইনকোট, ব্যাগ ও ব্যাকপ্যাক কভার কিংবা গামবুট। সঙ্গে থাকা ব্যাগটায় দিব্যি এঁটে যায় একখান ভাঁজ করা ছাতা কিংবা রেইনকোট। অনাকাঙ্ক্ষিত বৃষ্টি বিড়ম্বনার হাত থেকে বাঁচতে জুড়ি নেই এদের।

ছাতা
বাজারে, এমনকি চলতি পথের ফুটপাথেও মিলছে নানা রকম ছাতা। ফোল্ডিং বা ভাঁজ করা ছাতাগুলোর জয়জয়কার এখন। সহজে বহনযোগ্য, আবার যথেষ্ট ফ্যাশনেবলও বটে। একরঙা ছাতার পাশাপাশি আছে ফুল-পাতা ও বাহারি নকশার ছাতাও। বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এটলাস, শরীফ, রিভেরি, পস, মুন, মার্টিন, অ্যাপেক্স, গোল্ডফিশ, চেরি, ব্রাদার্স, রহমান, মিককো ইত্যাদি উল্লেখযোগ্য। ভাঁজহীন ছাতা পাবেন ২৫০ টাকা থেকে ৫৮০ টাকার মধ্যে, দুই ভাঁজের ছাতা ৩৫০ থেকে ৮০০ টাকা, তিন ভাঁজের ছাতা ৭৫০ থেকে ১২০০ টাকার মধ্যে। শিশুদের পছন্দসই ছাতা মিলবে ২০০ টাকা থেকে ৭৭০ টাকার মধ্যে। আছে ডোরেমন, ফ্রোজেন, বারবিডল, মিকিমাউস আর স্পাইডারম্যানের মতো কার্টুনে ছাওয়া ছাতাও। তবে তাই বলে পিছিয়ে নেই লম্বা ডাঁটের ছাতাও। ফোল্ডিং ছাতার মতো কয়েক ধাপে ছাতা মেলানো বা বন্ধ করার ঝামেলার চেয়ে, সহজে খোলা যায় এমন লম্বা ডাঁটের ছাতাই বেছে নিচ্ছেন প্রবীণ ব্যক্তিরা।
আছে ভেতরে-বাইরে দেখা যায় এমন স্বচ্ছ কাপড়ের ট্রান্সপারেন্ট ছাতা। সাদা স্বচ্ছ কিংবা হালকা হলুদ, গোলাপি, নীল রঙের ভেতর মিলে সেসব ট্রান্সপারেন্ট ছাতা। ৪৮ সেন্টিমিটার থেকে ৫৩ সেন্টিমিটার ব্যাসার্ধের একেকটি ছাতা পাবেন ৫০০ টাকা থেকে ৫৯০ টাকায়। ছাতা বৃষ্টি ঠেকাবে, সঙ্গে কি রাতের আঁধারও তাড়াবে? হ্যাঁ, হাতলের নিচের প্রান্তে শক্তিশালী এলইডি লাইট নিয়ে আছে ‘ফ্ল্যাশলাইট আমব্রেলা’। ছাতার সঙ্গে টর্চলাইট সংযুক্ত থাকায় বৃষ্টির পাশাপাশি রাতের অন্ধকারে পথ চলতেও সাহায্য করবে এটি। এমন ছাতা পাবেন ১ হাজার ১৯৯ টাকায়।

আর হ্যাঁ, ছাতা ব্যবহারেও একটু যত্নবান হতে হয়। বৃষ্টির ধকল সামলে বাসায় ফিরে ভেজা ছাতাটা পুরোপুরি শুকানোর আগে পর্যন্ত খুলে রাখুন। অন্যথায়, ভেজার কারণে ছাতার শিকে মরিচা পড়তে পারে।
রেইনকোট বা বর্ষাতি
হাতের মুঠোয় হাতল আটকে ছাতা মাথায় বৃষ্টি বাঁচিয়ে পথ চলা যায় দিব্যি। কিন্তু সব সময় কি আর ছাতা ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে? বিশেষ করে আপনি যখন সাইকেল কিংবা মোটরসাইকেলের আরোহী। শিশু কিংবা প্রবীণদের ক্ষেত্রেও—ঝুম বৃষ্টি আর ঝোড়ো বাতাসের হামলা সামলে ছাতা মাথায় পথ চলতে কষ্ট হয়। সে ক্ষেত্রে ভরসা রেইনকোট বা বর্ষাতি। মাথার হুডিসহ নানান রং ও কার্টুনে আঁকা শিশুদের রেইন কোট পাবেন ৩২০ টাকা থেকে ৫০০ টাকায় (প্যান্ট ছাড়া)। প্যান্টসহ দাম পড়বে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা। বড়দের বর্ষাতির দাম পড়বে ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা। মেয়েদের রেইনকোট মিলবে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। তিন স্তরবিশিষ্ট ওয়াটারপ্রুফ এবং উন্নত কাপড় দিয়ে তৈরি মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষায়িত রেইনকোট পাবেন ১ হাজার ৪৯০ টাকা থেকে ১ হাজার ৫৮৫ টাকায়।

ব্যাকপ্যাক কভার
ব্যাকপ্যাক কভার সঙ্গে রাখা জরুরি। ছাতার কাপড়ে তৈরি বলে এগুলো হয় সম্পূর্ণ পানিরোধক। সাদা, কালো, নীল, কমলা ও রুপালি রং থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের একরঙা ব্যাকপ্যাক কভার। কিনতে পারেন ২০০ থেকে ৩৫০ টাকায়।
চাইলে ফরমাশ দিয়েও বানাতে পারেন ব্যাকপ্যাক কভার। ফরমাশ করুন রেইনকোট বিক্রির দোকানে, বিশেষ করে ফুলবাড়িয়া, গুলিস্তান, রায়সাহেব বাজার ও ইসলামপুরের রেইনকোট-ত্রিপল-তাঁবু বিক্রির দোকানে।
যেখানে পাবেন
নিউমার্কেট, মোস্তফা মার্ট, পলওয়েল সুপার মার্কেট, নয়া পল্টন; বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ফার্মগেট সুপার মার্কেট, পুরান ঢাকার ইসলামপুর, চকবাজার, রায়সাহেব বাজার, নবাবপুর, ‘বঙ্গবাজার, সিদ্দিকবাজার, ফুলবাড়িয়া, গুলিস্থান, রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানেই মিলবে বর্ষা ঠেকানোর প্রয়োজনীয় সব অনুষঙ্গ।