বর্ষায় ভয়ে কার্যালয়ে বসেন না চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানছড়িতে পূজগাং নদীর ভাঙনে ধসে পড়েছে পানছড়ির চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচের দিকের কিছু অংশ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পানছড়িতে পূজগাং নদীর ভাঙনে ধসে পড়েছে পানছড়ির চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচের দিকের কিছু অংশ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নদী থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের দূরত্ব বড়জোর ১০ গজ। ইতিমধ্যে ভবনের এক পাশের গোড়ার মাটি সরে গেছে। ফাটল ধরেছে ইউপি চেয়ারম্যানের কক্ষের দেয়ালে। ফলে ভয়ে কার্যালয়ে বসেন না চেয়ারম্যান। দাপ্তরিক কাজ সারছেন বাড়িতে কিংবা চায়ের দোকানে বসে। এই চিত্র খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউপির। পূজগাং নদের ভাঙনে হুমকির মুখে পড়েছে ইউপি কার্যালয়টি।

বর্তমান চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘পাঁচ বছর ধরেই বর্ষায় আমার কক্ষে বসতে পারছি না। এখন অবস্থা আরও খারাপ। যেকোনো মুহূর্তে ভবনটি নদে বিলীন হয়ে যেতে পারে। ভাঙন রোধে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে অনেক তদবির করেও কোনো সাড়া মেলেনি। ফলে দিন দিন ভাঙন বেড়েছে।’

ইউপি কার্যালয় সূত্র জানায়, ১৯৮৩ সালে চার কক্ষে ইউপি ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে তিন কক্ষে ঝুঁকি নিয়ে প্রতিদিন অফিস করেন কর্মকর্তা ও কর্মচারী।

স্থানীয় লোকজন বলেন, প্রতিবছর বর্ষায় অব্যাহতভাবে ভাঙছে পূজগাং নদ। ভাঙনে ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও ঘরবাড়ি। এখন হুমকির মুখে পড়েছে আরও অনেক বসতঘর।

সরেজমিনে দেখা যায়, ইউপির কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষের নিচের দিকের কিছু অংশ ভেঙে গেছে। এ ছাড়া একই ইউনিয়নের চন্দ্র কার্বারিপাড়া, শশাঙ্কমোহনপাড়া ও পূজগাংমুখ এলাকায় ভাঙন তীব্র। এসব এলাকার মানুষেরা আতঙ্কে দিন পার করছেন।

পূজগাংমুখ এলাকার বাসিন্দা অরিজিত চাকমা বলেন, ‘গত ১০ বছরে উপজেলার পূজগাং নদের ভাঙনের ফলে নদের তীরবর্তী অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। ভিটে ছাড়া হয়ে এসব পরিবার আশ্রয় নিয়েছে আশপাশের গ্রামে।’

চন্দ্র কার্বারিপাড়ার বাসিন্দা আশাংকর চাকমা বলেন, ‘গত কয়েক বছরে আমাদের এলাকায় ১০ থেকে ১২ একর জমি নদে হারিয়ে গেছে। জমি-জিরাত হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছেন। ভাঙনরোধে এখনই কার্যকরী উদ্যোগ না নিলে নদতীরবর্তী অনেকেই উদ্বাস্তু হয়ে যাবেন।’ এ ব্যাপারে জানতে চাইলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এ সংকট নিরসনে জরুরি উদ্যোগ নেবেন।

পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, উপজেলা পরিষদের সীমিত বরাদ্দ থেকে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে একাধিকবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরাবর আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি উপবিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আলী আফসারী আজাদ মুঠোফোনে বলেন, ভাঙনরোধে প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।