বর্ষায় সাথি বর্ষাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের একটি বিপণিবিতানে প্রদর্শনের জন্য রাখা বিখ্যাত বর্ষাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকিনটোশের একটা বর্ষাতি। ছবি: রয়টার্স
লন্ডনের একটি বিপণিবিতানে প্রদর্শনের জন্য রাখা বিখ্যাত বর্ষাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকিনটোশের একটা বর্ষাতি। ছবি: রয়টার্স

শহরে হঠাত্ই ঝমঝমিয়ে বৃষ্টি। লক্ষণ দেখে মনে হচ্ছে বৃষ্টি যেন থামবেই না আজ। সবাই ছুটছেন আশ্রয়ের সন্ধানে, যাঁরা ঠাঁই পেয়েছেন তাঁরা গাদাগাদি করে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষায়। এমন সময় চায়ের দোকানের ছাউনিতে দাঁড়িয়ে ব্যাকপ্যাক থেকে কী যেন বের করলেন দুই তরুণ-তরুণী। তাঁদের হাতে উঠে এল বর্ষাতি। গায়ে বর্ষাতি চাপিয়ে পথে নেমে পড়লেন দুজনে। পায়ের জুতো দেখে মনে হচ্ছিল বৃষ্টিতে ভেজার জন্য যেন তৈরি হয়েই ছিলেন তাঁরা! কৌতূহল সামলাতে না পেরে ছাতা মাথায় এগিয়ে গিয়ে কথা বললাম ওদের সঙ্গে, জানা গেল—ঘটনা সত্যিই তাই।

ছেলেটি শাহরিয়ার আবরার (ছদ্মনাম), মেয়েটি নুসরাত তামান্না (ছদ্মনাম)—দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হাসিমুখেই জানালেন, এই বর্ষার শুরুতে নিউমার্কেট থেকে বর্ষাতি কিনে এনেছেন, বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে হেঁটে বেড়াবেন বলে। আবরার জানালেন, স্কুলে থাকতে গোয়েন্দা গল্প পড়তে পড়তেই বর্ষাতি চাপিয়ে শহরের বৃষ্টিতে হেঁটে বেড়ানোর শখ হয়েছিল তাঁর। সেই শখ পূরণ করা হয়নি এত দিনেও। একদিন বৃষ্টিতে ভিজে গিয়ে তামান্নাকে সেই গল্প করার পর সেই-ই বর্ষাতি কিনতে নিয়ে যায় সঙ্গে করে। কিন্তু এরপর দুই সপ্তাহেও বৃষ্টির দেখা মেলেনি ওদের।

সবাই যে আবরার আর তামান্নার মতো মধুর শখে বর্ষাতি চাপিয়ে বৃষ্টিতে ঘুরে বেড়ান বিষয়টা কিন্তু মোটেই তা নয়। সাদিয়া জাহান নিয়মিতই অফিসে যান স্কুটি চালিয়ে। নিজের এই প্রিয় বাহনে সব সময়ই বাড়তি কিছু জিনিসপত্র সঙ্গে থাকে তাঁর। এই তো সেদিন বাড়ি থেকে অফিস যাওয়ার সময় ঝুপ করে বৃষ্টি নামল পথেই। বাইক থামিয়ে বর্ষাতিটা গায়ে চাপিয়ে নিলেন সাদিয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাদিয়া জানান, ‘বর্ষাকালে হুটহাট বৃষ্টি নামে, তখন মোটরবাইকে থাকলে ভিজতে হয় বেদম। মাথায় হেলমেট তো থাকেই সঙ্গে বর্ষাতি থাকলে আর চিন্তা করতে হয় না। ভাঁজ করে ব্যাগে রাখা যায় বলে বহন করাও সহজ।’ অনেকেই এখন সাদিয়ার মতো বর্ষাতি ব্যবহার করেন বর্ষার ঝুম ঝাম বৃষ্টি থেকে বাঁচতে।

পশ্চিমা দেশগুলোয় বর্ষাতির ব্যবহার অনেক বেশি হলেও আমাদের দেশেও অনেকেই রেইনকোট বা বর্ষাতি ব্যবহার করেন। আর আজকাল ছাতার পাশাপাশি বর্ষাতিও প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠছে বর্ষার মৌসুমে। বিশেষ করে বেশির ভাগ সময়ই পথে-ঘাটে চলাচল করতে হয় বা খোলা আকাশের নিচে কাজ করতে হয় এমন পেশাজীবীদের জন্য খুবই উপকারী বর্ষাতি। যারা সাইকেল বা মোটরসাইকেলে চড়ে কর্মক্ষেত্রে যাতায়াত করেন তাঁদের মধ্যে বর্ষাতির ব্যবহার সবচেয়ে বেশি চোখে পড়ে। বর্ষাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও খুবই কাজের এই বর্ষাতি।


গ্রামীণ জীবনে যতটা স্বাচ্ছন্দ্য নিয়ে বর্ষা উপভোগ করা যায় শহরে কিন্তু বর্ষার ভোগান্তি ততটাই বেশি। রাস্তায় জ্যামের মধ্যে হঠাত্ বৃষ্টি কিংবা বৃষ্টির পর একেবারেই যানশূন্য রাস্তাঘাটে বাড়ি ফেরার অপেক্ষা দুই চরম ভোগান্তির। এ সময় সঙ্গে ছাতা বা বর্ষাতি থাকলে যেমন ভিজে চুপ চুপে হতে হয় না; তেমনি হুট করে বৃষ্টিতে ভিজে জ্বর বা সর্দি-কাশিতেও ভুগতে হয় না।

কেনাকাটা:

নিউমার্কেট, বঙ্গবাজার, রাপা প্লাজা, বসুন্ধরা সিটি, পল্টন, বায়তুল মোকাররম, গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সসহ রাজধানীর বিভিন্ন বিপণিবিতানেই নানা ডিজাইনের নানা রঙের বর্ষাতি পাওয়া যায়। কয়েকটা দেশি ব্র্যান্ডের পাশাপাশি চায়নিজ, কোরিয়ান, ইন্ডিয়ান বর্ষাতিই বেশি বাজারে। বড়দের পাশাপাশি ছোটদের জন্য আছে বাহারি বর্ষাতি।

মাথার হুডিসহ কোট এবং ট্রাউজারের পাশাপাশি একত্রে এক সেটের বর্ষাতিও আছে বাজারে। আছে চেইন লাগানো বা বোতাম লাগানো দুই ধরনের কোটই। কোনো কোনোটায় আবার বোতাম বা চেইন ছাড়াও আছে কোমরের কাছে ফিতে বাঁধার ব্যবস্থাও। নানা ধরনের দেশি বর্ষাতির দাম ৪০০ থেকে ৬০০, ৫০০ থেকে ৭০০ ও এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। বড়দের বর্ষাতির দাম ৬০০ থেকে ৮০০, ৮০০ থেকে এক হাজার ও এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকার মধ্যে। বেশির ভাগ বর্ষাতিই সাধারণত প্যারাসুট কাপড় ও পিভিসি দিয়ে তৈরি, পাশাপাশি কমদামি প্লাস্টিকের বর্ষাতিও পাওয়া যায়। তবে প্লাস্টিক বা পিভিসির চেয়ে ওয়াটারপ্রুফ ভালো কাপড়ের বর্ষাতিই বেশি টেকসই।