বর্ষায় সৈকতের ভিন্নরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুব বৃষ্টি হচ্ছিল তখন। সৈকতে এসে দাঁড়াতেই মনে হলো, বৃষ্টির সাদা একটা পর্দা ঘিরে ধরেছে। সামনে, ডানে, বাঁয়ে, ওপরে কিছুই দেখা যাচ্ছিল না। ঢেউয়ের গর্জনে কান পাতা দায়। উদ্দাম-উত্তাল সমুদ্রের এই রূপ দেখা হতো না বর্ষায় কক্সবাজার না এলে।’ গত শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন ঢাকার নবাবপুর থেকে বেড়াতে আসা গৃহবধূ আসমা-উল-হুসনা (২৪)। বৃষ্টিতে ভিজে জোয়ারের পানিতে ভেসে আসা শামুক-ঝিনুক কুড়াচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী জিয়াউর রহমানসহ পরিবারের চার সদস্য।কেবল আসমার পরিবার নয়, বর্ষায় সমুদ্রের ভিন্নরূপ দেখতে এমন অনেকেই কক্সবাজারে আসেন প্রতিবছর। পর্যটন মৌসুম না হওয়ায় এ সময় বেড়াতে এলে হোটেলে বিশেষ ছাড়ও পাওয়া যায়। ‘বৃষ্টিতে ভেজা নরম বালিয়াড়ি ধরে হাঁটার আনন্দই আলাদা। বর্ষায় কক্সবাজারের ঝাউগাছের পাতা গাঢ় সবুজ হয়ে ওঠে। ঘন ঝাউগাছের সারির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ওপর বৃষ্টি পড়ার দৃশ্য অপার্থিব সুন্দর মনে হয়।’ বলছিলেন, সৈকতে বেড়াতে আসা কক্সবাজার মহিলা কলেজের অধ্যাপক ছানোয়ারা বেগম। বর্ষার এই সৌন্দর্য কক্সবাজার এলেই কেবল অনুভব করা যাবে। তাই পর্যটন মৌসুম না হলেও এখন হোটেল-মোটেলে পর্যটকের সংখ্যা কম নয়।কক্সবাজারের হোটেল সাগরগাঁওয়ের স্বত্বাধিকারী শাহেদুল ইসলাম বলেন, ‘আগে বর্ষায় পর্যটকেরা খুব একটা কক্সবাজারে আসতেন না। এখন অনেকেই বর্ষার রূপ দেখতে ছুটে আসছেন।’ উত্তাল সাগরে ঢেউয়ের ওপর ছেলেমেয়েদের জলক্রীড়া (সার্ফিং) দেখতে হলে যেতে হবে সৈকতের কলাতলী পয়েন্টে। সার্ফার জাফর আলম আর তাঁর শিষ্যদের সুবাদে জায়গাটা সার্ফিং পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। জাফর আলম বলেন, ‘বর্ষায় সার্ফিং কক্সবাজারের নতুন আকর্ষণ। দেশি-বিদেশি সার্ফারদের কাছে কক্সবাজারের সৈকত দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে।’ ‘হোটেলের বারান্দায় বসে সমুদ্রে বৃষ্টি পড়ার দৃশ্য দেখতে দেখতে অন্য জগতে হারিয়ে যাওয়া যায়।’ বলছিলেন চট্টগ্রাম থেকে বেড়াতে আসা মাহমুদ আলম সৈকত। দুই দিনের ছুটির ফাঁকে এখানে এসে গাছে ভরা হিলটপ সার্কিট হাউস পাহাড়, রাখাইনদের জাদি (মন্দির) ও রাডার স্টেশন দেখেছেন। ভালো লেগেছে পাহাড়চূড়া থেকে দেখা গভীর সমুদ্রে বৃষ্টি পড়ার দৃশ্য। কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি তোফায়েল আহমদ জানান, বর্ষায় পর্যটকদের মনোরঞ্জনের সব ব্যবস্থাই রয়েছে। ব্যক্তিগত গাড়ি থাকলে মেরিন ড্রাইভ সড়ক ধরে ৩৪ কিলোমিটার দূরে ইনানী সৈকতে যেতে লাগবে ১৫-২০ মিনিট। ভাড়া করা গাড়িতেও ইনানী সৈকতে যাওয়া যায়। ঘোড়ার পিঠে চড়ে কিংবা মোটরবাইকে সৈকতে বেড়ানোর ব্যবস্থাও আছে। মেরিন ড্রাইভ সড়ক ধরে ১৫ কিলোমিটার গেলে সবুজ পাহাড়ঘেরা হিমছড়ি। হিমছড়ির ৫০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বন বিভাগ তৈরি করে দিয়েছে পাকা সিঁড়ি। এখানে রয়েছে জেলা পরিষদ ও বন বিভাগের দুটি বাংলো। ভাড়া ৫০০ থেকে দেড় হাজার টাকা। এ ছাড়া টেকনাফের সৈকত ও মাথিনের কুয়া এবং রামুর পুরকীর্তিও দেখতে পারেন পর্যটকেরা। কক্সবাজার শহরের কাছেই চকরিয়ার ডুলাহাজরা এলাকায় রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। নিবিড় বনের মাঝে বন্য জীবজন্তু দেখার সুযোগ হবে সেখানে গেলে। হোটেল-মোটেলে বিশেষ ছাড়: কক্সবাজার হোটেল-মোটেল, গেস্টহাউসের সভাপতি আবুল কাশেম সিকদার জানান, ‘বর্ষায় বেড়াতে এলে হোটেল ভাড়ায় বিশেষ ছাড় পাওয়া যাবে।’ ইতিমধ্যে তিন শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউস কর্তৃপক্ষ পর্যটকদের জন্য ৪০-৬০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বলে তিনি জানান। শীত মৌসুমের কোনো হোটেলে দুই হাজার টাকায় যে কক্ষ মিলবে, তা এখন ৫০০-৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ শীত মৌসুমে একদিন হোটেলে থাকার খরচ দিয়ে এই সময়ে তিন দিন হোটেলে থাকা যাবে। অনেকে এই সুযোগ কাজে লাগাতে ছুটে আসছেন কক্সবাজারে।