বলপয়েন্ট তৈরিতে চীন পিছিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তারা মহাশূন্যে রকেট পাঠিয়েছে। সারা বিশ্বের জন্য লাখ লাখ স্মার্টফোন বানিয়েছে। তৈরি করেছে উচ্চগতির রেলগাড়ি। সেগুলো সব গুণে ও মানে সেরা। কিন্তু ছোটখাটো এবং আপাতসাধারণ একটা জিনিস তৈরিতে চীনারা এখনো পিছিয়ে রয়েছে। সেটার নাম শুনলে অবাক হতে হয়—বলপয়েন্ট কলম।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বছর খানেক আগে জাতীয় টেলিভিশনে আক্ষেপ করে বলেছেন, তাঁর দেশ ভালো মানের বলপয়েন্ট বানাতে ব্যর্থ হয়েছে। জিনিসটা সামান্য মনে হলেও খুব গুরুত্বপূর্ণ। জার্মানি, সুইজারল্যান্ড ও জাপান যেসব বলপয়েন্ট বানায়, সেগুলোর তুলনায় চীনে তৈরি কলমগুলো নিম্নমানের।
সমস্যাটা বলপয়েন্টের গায়ে নয়, বরং মাথায়—যেখানে ছোট্ট বলটি লাগানো থাকে। লেখার সময় সেই বল থেকেই কালি বেরোয়। এই কলম বানানো সোজা মনে হলেও বাস্তবতা অন্য রকম। বলপয়েন্টের ডগা তৈরির কাজে উন্নতমানের যন্ত্রপাতি এবং খুব শক্ত কিন্তু অত্যন্ত পাতলা স্টিলের পাত প্রয়োজন। চীনের স্টিল বা ইস্পাতের মান খুব ভালো নয়। এ কারণেই তারা বলপয়েন্টের মাথা নিখুঁতভাবে বানাতে হিমশিম খায়। দেশটিতে কলম বানায় হাজার তিনেক প্রতিষ্ঠান। বিদেশ থেকেই তারা ওই স্টিল আমদানি করে। তবে পিপলস ডেইলি পত্রিকা বলছে, ইস্পাত উৎপাদনকারী রাষ্ট্রীয় দুই প্রতিষ্ঠান পাঁচ বছরের গবেষণার পর ওই সমস্যা দূর করতে পেরেছে। সম্প্রতি তারা প্রথম দফায় বলপয়েন্টের ভালো মানের ডগা (২ দশমিক ৩ মিলিমিটার) বানিয়েছে। আশা করা যায়, বছর দু-একের মধ্যে এগুলো আমদানির প্রয়োজন ফুরাবে।
বলপয়েন্ট তৈরিতে পিছিয়ে থাকার ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব না দিলেও হয়তো চলে। কারণ, অর্থনীতি ও উৎপাদনে চীন তো ধারাবাহিক উন্নয়নের প্রমাণ দিয়েই চলেছে। কিন্তু প্রধানমন্ত্রী এই ছোট্ট জিনিসটা বানাতে তাঁর দেশের সীমাবদ্ধতার সম্ভবত একটা প্রতীকী তাৎপর্যের দিকে ইঙ্গিত করেছেন। পাশাপাশি উৎপাদনে দেশের যে আরও উন্নতি করতে হবে, সেটাই বুঝাতে চেয়েছেন।