বলাই
আমার স্বামীর বদলির চাকরি। অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো আমি ঢাকায় থাকব আর আমার ছয় বছরের ছেলে তার বাবার কাছে থাকবে।আমার এতটুকুন ছেলেকে আমার কাছে রাখতে পারলাম না। আমার কর্মস্থলের সময়ের সঙ্গে তার স্কুলের সময়ের যথেষ্ট অমিল। তা ছাড়া কিছুদিন আগে ইশা হত্যার ঘটনা মনকে এত বেশি নাড়িয়ে দিয়েছে যে, মায়ের আঁচলতলের উষ্ণতার চেয়ে বাবার দেওয়া নিরাপত্তাটুকু বেশি গুরুত্ব পেল।ময়মনসিংহের রাজবাড়ির পাশে সরকারি কোয়ার্টার। সম্পূর্ণ পুলিশি পাহারায় সে থাকবে। সপ্তাহ শেষে তার কাছে যাই, ছুটিতে যাই। আসার সময় গেটের কাছে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তর্মুখী, অনেকটা যেন ‘বলাই’।আমার এই টিকে থাকার প্রাণফাটা প্রচেষ্টার কথা ছেলেটা হয়তো বুঝতে পারে না। ভবিষ্যতে এই অভাব ক্ষতির কারণ হতে পারে। এই আশঙ্কায় মনটা সারাক্ষণ ভারাক্রান্ত হয়ে থাকে। হতাশার মধ্যে নিজেকে সান্ত্বনা দিই, মাতৃছায়া ছাড়া কি দিতে পারতাম বর্তমান বাসার উদার প্রকৃতি? গাছপালা, আকাশ দেখে শিশুমন ভরে উঠবে; প্রকৃতির শিক্ষায় স্বাবলম্বী হবে।কয়েক মাস পর মনে হলো আমার অভাব সে কিছুটা কাটিয়ে উঠেছে। সে যে নিঃসঙ্গ বোঝা যায় না। ছাদে কত রকম পাখি আসে, তার গল্প শোনায়। অনেক পাখির ডাকও সে অনুকরণ করেছে। আমের মুকুল এলে কাঠি দিয়ে পোকা পরিষ্কার করে। কাঁঠালগাছের নিচে হুতোম পেঁচা দেখে। প্রকৃতি প্রবণতার ঝোঁকটা আমার থেকে তার ভেতর সংক্রমিত হতে পেরেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নিই।১৯৯৬ সালে দেশে অসহযোগের তুমুল ঢল নেমেছে। স্কুল-কলেজ, অফিস—সবই প্রায় অচল। আমি আমার ছেলের কাছে থাকার সুযোগটা নিলাম।একদিন বিকেলে সে একটা কাঁঠালের মোড়ানো পাতা এনে বলল, ‘টুনটুনির বাচ্চা ছিল বুঝতে পারিনি। এখন মা টুনটুনি গাছের কাছে খুব ডাকাডাকি করছে।’ ওকে বুঝ দেওয়ার জন্য একটা পাটের সুতা নিয়ে পাতাটি অন্য পাতার সঙ্গে বেঁধে দিলাম। কিন্তু পাতাটি গাছের দ্রুত সজীবতা হারিয়ে নুইয়ে পড়ছিল। পাখির বাচ্চাটি পড়ে যেতে পারে, তাই পাতাসহ পাখিটিকে শোবার ঘরে নিয়ে এলাম। খাটের পাশে সাইড টেবিলে রেখে দিলাম। আমার ছেলে তাতেও খুশি হলো না। ‘মা-পাখি সারা রাত কোথায় থাকবে?’ বোঝালাম, ‘মানুষের মতো পাখিদের দয়া-মায়া থাকে না। মা-পাখি অন্যত্র চলে যাবে।’আমার ছেলে কী বুঝল সেই জানে। রাতে বারবার ওঠানামা করছে দেখে বিরক্ত হয়ে জানতে চাইলাম, ‘অমন করছ কেন?’ আমাকে অবাক করে দিয়ে বলল, ‘মা ছাড়া পাখির বাচ্চা ঘুমাবে কেমন করে!’জেসমিন নাছিম, সেগুনবাগিচা, ঢাকা