বলি হচ্ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে পালাবদল শুরু হয়। ক্ষমতাসীন সরকার দলীয় ছাত্রসংগঠন নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে আগের আধিপত্য বিস্তারকারী ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ কারণে বার বার ঘটে সংঘর্ষ এমনকি খুনের মতো ঘটনাও। এ নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নষ্ট করা হয় কলেজের সম্পদ।এমন পরিস্থিতিতে অনেক সময় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এতে সাধারণ শিক্ষার্থীরা পড়ে দুর্ভোগে। ব্যাহত হয় শিক্ষাকার্যক্রম। সংশ্লিষ্ট নেতা-কর্মী ও পুলিশ সূত্রের সঙ্গে বলে এমন ধারণা পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত মাসে ছাত্রদল-কর্মী আবিদুর রহমান ওরফে আবিদ খুন হওয়ার পেছনে ছিল ক্যাম্পাসে ছাত্রলীগের একক আধিপত্য বিস্তারের মনোভাব। আবিদসহ কয়েকজন ছাত্রদলের কমিটি করতে চাওয়ায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বেদম মারধরের শিকার হন। এর দুই দিন পর ২১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবিদ। যথারীতি কর্তৃপক্ষ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছাত্র রাজনীতি স্থগিত করেন। এই ঘটনায় ছাত্রলীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হলেও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের খাতায় তারা এখন পলাতক। অভিযোগ রয়েছে, প্রশাসনের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় সরকারি দলের ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে সব সরকারেরর সময়ই সুবিধাজনক অবস্থানে থাকে। এ প্রসঙ্গে নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘শুনেছি তাঁরা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। আর ক্যাম্পাসে কোনো রকম সমস্যার কথা আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই। এখানে কোনো রকম পক্ষপাতের সুযোগ নেই।’ক্যাম্পাসের রাজনীতি নিয়ন্ত্রণের পালাবদলের কথা স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ নাছিফ বলেন, ‘ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্পাসের রাজনীতিতেও পরিবর্তন আসে। এটা ১৯৯৩ থেকে হয়ে আসছে। তখন ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল। ২০০১ সালেও ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দেওয়া হয়। আবার ১৯৯৬ ও ২০০৮ থেকে দুই দফায় ক্যাম্পাসে ছাত্রলীগ নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এভাবে পাল্টাপাল্টি একটা বিরোধ লেগে রয়েছে।’ জানা গেছে, ১৯৯৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের এক চিকিৎসকসহ তিন খুনের ঘটনা ঘটে। ১৯৯১ সাল থেকে বিএনপি ক্ষমতায় থাকলেও চমেক ছাত্র সংসদের কমিটি ছিল ছাত্রলীগের নিয়ন্ত্রণে। কিন্তু তিন খুনের ঘটনার পর ছাত্রদল ও শিবির ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ পুনরায় সংগঠিত হয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়। এ সময় ছাত্রদলের ওপর চড়াও হয় তারা। অন্যদিকে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ছাত্রলীগ নেতাদের মেরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এরপর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমল পর্যন্ত ছাত্রদল ও শিবির ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখে। তবে জোট সরকারের শেষদিকে ২০০৫ সালের ১৫ আগস্ট শোক দিবসের মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করে ছাত্রলীগ। তখন তাদের নানা হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।এদিকে তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ২০০৮ সালের ২৪ নভেম্বর ছাত্রদল ও শিবির নিজেদের একক আধিপত্য বিস্তারের চেষ্টা করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময়ও ছাত্রাবাসের শতাধিক কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রদল ও শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়নের জন্য হুমকি-ধমকি দেওয়া হয়।ছাত্রলীগের দাবি, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ছাত্রদলের বড় বড় নেতারা পালিয়ে যান। কিন্তু ছাত্রদল দাবি করেছে, ছাত্রলীগের নির্যাতনের ভয়ে অনেকে ক্যাম্পাসে আসতে পারেননি। এমনকি কেউ কেউ শেষ পর্যন্ত পরীক্ষাও দিতে পারেননি। এ প্রসঙ্গে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা এতদিন কোনো রাজনীতি করতে পারিনি। আমাদের অনেক নেতা-কর্মীর ওপর অত্যাচার করা হয়। অনেকে পরীক্ষা দিতে পারেননি। সম্প্রতি আমরা একটি কমিটি গঠনের চেষ্টা করছিলাম। তখনই আবিদকে খুন করা হয়।’ তিনি আরও বলেন, ‘চমেক ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পালাবদলের এই চিত্রটি চলে আসছে অনেকদিন ধরে।’ জানা গেছে ২০০৮ সালে ছাত্রদল ক্যাম্পাস ত্যাগ করলেও ছাত্রশিবির পাশের দুটি কলেজের সঙ্গীদের সহায়তা নিয়ে চমেকে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চালায়। এর সূত্র ধরে ২০০৯ সালের ২৪ অক্টোবর ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। তখন অন্তত ৪০টি কক্ষ ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ২০জন।