জাতীয় কবিতা উৎসবের প্রস্তুতি শুরু

শরৎ চলছে, হেমন্তের পরই তো শীত। শীতের ক্যাম্পাসে কবিতার উত্সব। ঢাকাই শীতের সংস্কৃতি-অঙ্গনে জাতীয় কবিতা উত্সবের প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই। কবি মুহাম্মদ সামাদ এবং কবি তারিক সুজাতকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করে ‘জাতীয় কবিতা উত্সব-২০১৫’-এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই উত্সব অনুষ্ঠিত হবে।
২৯তম এই উত্সবের প্রস্তুতি শুরু করতে গতকাল জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে উত্সবের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক ঠিক করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উত্সবে বাংলাদেশের নবীন-প্রবীণ কবিসহ অন্যান্য দেশের কবিরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ভারতসহ প্রায় সাতটি দেশের কবিরা আগামী উত্সবে অংশগ্রহণের বিষয় চূড়ান্ত করেছেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সারা দেশে কবিতা পরিষদের জেলা ও শাখাগুলোকে কবিতা উত্সব সম্পন্ন করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কেন্দ্রীয় কবিতা উত্সবে যোগদানের প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।