বলীখেলায় চ্যাম্পিয়ন দিদার বলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠান আর বলীখেলার মধ্য দিয়ে শেষ হয়েছে আনোয়ারার ঐতিহ্যবাহী এর্শাদ আলী সরকারের মেলা। গত মঙ্গলবার আয়োজিত এ মেলার অন্যতম আকর্ষণ ছিল বলীখেলা। এতে টেকনাফের রফিক বলীকে হারিয়ে কক্সবাজারের দিদার বলী চ্যাম্পিয়ন হয়েছেন।প্রতিবছর ৪ বৈশাখ বারখাইন ইউনিয়নের এর্শাদ আলী উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা বসে। মেলা উপলক্ষে আয়োজন করা হয় বলীখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকম পণ্য বেচাকেনার আসর। স্থানীয় লোকজন জানান, এ মেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে খেলার নামে কোনো রকম জুয়ার আসর বসে না। মেলা উপলক্ষে আগে থেকে প্রচার-প্রচারণাও চালানো হয় না। নির্ধারিত তারিখেই দোকানিরা এসে তাঁদের পণ্যের পসরা সাজান। জানা যায়, মেলা উপলক্ষে বারখাইনের মানুষের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ। এলাকার প্রায় প্রতিটি ঘরে বিভিন্ন স্থান থেকে আত্মীয়স্বজনেরা আসেন মেলা উপভোগ করার জন্য। আনোয়ারা ছাড়াও পার্শ্ববর্তী বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশের লোকজনও মেলায় অংশ নেন। বারখাইনের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী জানান, এখানকার ঐতিহ্য হচ্ছে মেলা উপলক্ষে মেলা শুরুর আগেই অভিভাবকেরা অন্য এলাকায় বিয়ে দেওয়া মেয়েদের নাইয়র নিয়ে আসেন।জানা যায়, আনোয়ারার এককালের জমিদার এর্শাদ আলী সরকার ১৮৮৮ সালে আনোয়ারা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এ মেলার প্রচলন করেন।