আধা ঘণ্টার মধ্যে পিৎজা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ফাস্ট ফুড কোম্পানি ডোমিনো। একই কাজের জন্য কিছুদিন আগেই নিউজিল্যান্ডে তারা ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। এবার জাপানে বল্গা হরিণের মাধ্যমে পিৎজা সরবরাহ করার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা বাস্তবায়নে বল্গা হরিণের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে।
জাপানে ডোমিনোর শাখাটি মনে করছে, বর্তমানে মোটরসাইকেলে করে পিৎজা সরবরাহের যে ব্যবস্থা, তার চেয়ে বল্গা হরিণে করে গ্রাহকের দরজায় তা পৌঁছে দেওয়া যাবে আরও দ্রুততর সময়ে। বিশেষ করে তুষারপাতের সময় তা হবে কার্যকর একটি ব্যবস্থা।
বল্গা হরিণগুলোয় জিপিএস ডিভাইস সংযোজনেরও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ফরমায়েশ করা পিৎজাটা কোথায়, কত দূর অবস্থান করছে, স্মার্টফোন বা
কম্পিউটার স্ক্রিনে চোখ রেখেই জেনে নিতে পারবেন গ্রাহকেরা।
ডোমিনো জাপান এরই মধ্যে বল্গা হরিণ প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে। এতে দেখা যায়, একটি বল্গা হরিণকে পিঠে করে খাবারের বাক্স পরিবহন করার প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এক কর্মীকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘বল্গা হরিণকে ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া গেলে তা সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারবে।