বল্টুর দুঃস্বপ্ন

‘আমার চোখের সামনে দিয়া, বোন যখন জয় লইয়া হাইট্যা যায়, বুকটা ফাইট্যা যায়, খুশিতে ফাইট্যা যায়...!’ গানটা গাইতে গাইতে শীতলক্ষ্যার পাড়ে এক আমগাছে ঝুলছিলেন বল্টু। চোখে ঝরছিল দুঃখের অশ্রু। মনে মনে ভাবছিলেন, ‘আমি এত কিছু করি সবার জন্য, রক্ত লাগলে জোগাড় করি, টেন্ডার-ফেন্ডার দেখি, মিছিল-মিটিং সামলাই! আর আজ ছোট বোন কিনা শান্তিপূর্ণভাবে আমার রাজত্বে নৌকা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে! এটা কোনো কথা!’
ভাবতে ভাবতে হঠাৎ বেখেয়ালে আমগাছ থেকে ধপাস করে পড়ে গেলেন বল্টু। পড়লেন আবার নদীতেই! নদীতে একটা নৌকা ভাসছিল। নৌকার মাঝি দ্রুত ছুটে এলেন। বল্টুকে টেনে তুললেন নৌকায়। নৌকায় উঠেও বল্টুর ভীতি কাটে না। বিড়বিড় করে প্রলাপ বকতে থাকেন, ‘মইরা গেলাম রে, মইরা গেলাম। এই শীতলক্ষ্যায় ডুইবা মইরা গেলাম!’
প্রথম মাঝিটি তাঁর হাত ধরে নাড়ি দেখে বললেন, ‘না, আপনি বাঁইচ্যা আছেন।’ দ্বিতীয় মাঝিটি প্রথম মাঝিকে ঝাড়ি মেরে বললেন, ‘চুপ কর বেয়াদব, তুই বল্টু সাহেবের চেয়ে বেশি বুঝস নাকি? উনি যেইটা বলেন, এই নদীর পাড়ে সেইটাই হয়।’ এতটুকু বলে বল্টুর মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন, ‘ভাই, দুঃখ করেন কেন! আপনারাই তো জয়ী হইছেন, আপনার বোন জিতছেন।’
বল্টু বললেন, ‘কিন্তু এই নৌকায় আমি একা কেন? নির্বাচনে যে জিতল, সে কই? এইটা আসল নৌকা নাকি ওইটা আসল?’
দুই মাঝি হঠাৎ হো হো করে হাসতে শুরু করলেন। পরক্ষণেই বল্টুর পিঠে লগি দিয়ে ধাক্কা মেরে তাঁকে নৌকা থেকে ফেলে দেওয়ার উদ্যোগ নিলেন তাঁরা!
ঠিক তখনই ঘুম ভেঙে গেল বল্টুর। তাঁর স্ত্রী পিঠে ধাক্কা দিচ্ছেন; উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করছেন, ‘কী ব্যাপার, এমন করছ কেন? ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে।’
বল্টু ধড়ফড় করে উঠে বসলেন। বড় একটা নিশ্বাস ফেলে ভাবলেন—যাক, এটা তাহলে দুঃস্বপ্ন ছিল!