
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ফ্যাশন সচেতন এই খেলোয়াড়ের প্রিয় পোশাক জিনস প্যান্ট, টি-শার্ট। নানা ধরনের পাথরের আংটি পরেন তিনি। আজ থাকছে তাঁর স্টাইল।
জার্সি-শর্টস, বুট-গ্লাভস—এই তো মাঠের চিরচেনা বিপ্লব ভট্টাচার্য। ফুটবল মাঠের বাইরে গোলরক্ষক বিপ্লব কেমন? জানতে চাইলে বলেন, ‘আমি ফ্যাশন সচেতন।’ মিলে গেল তাঁর চটপট উত্তর। কথার সঙ্গে মিল পাওয়া গেল তাঁর সাজ-পোশাকে।
ফুটবলে সমর্থন করেন ব্রাজিলকে। শুধু কি জার্সি, বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে মুঠোফোনটাও রাঙিয়ে নিয়েছেন সে দেশের পতাকা দিয়ে। ‘আমি ব্রাজিলকে সমর্থন করি। শুধু আমি না, পরিবারের সবাই ব্রাজিল দলের খেলা পছন্দ করে।’ বলেন তিনি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বর্তমানে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এ ছাড়া দীর্ঘ খেলোয়ািড় জীবনে খেলেছেন আবাহনী, মোহামেডান, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়নে।
বিশেষ দিন বা ধর্মীয় অনুষ্ঠানে পরেন রঙিন পাঞ্জাবি। আবার অনেক সময় ক্যাজুয়াল পোশাকেই বেরিয়ে পড়েন। তাতেও থাকে পরিপাটির ছোঁয়া। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানগুলোতে পরেন একেবারে সাহেবি পোশাক। বিপ্লব বলেন, ‘আমার প্রিয় পোশাক কিন্তু জিনস আর টি-শার্ট। অ্যাডিডাস, গুচি কিংবা নাইকি ব্র্যান্ড ছাড়া খুব একটা পরি না।’

নানা রকম পাথরের আংটির প্রতি বিশেষ দুর্বলতা আছে তাঁর৷ পাঁচ আঙুল দখল করে আছে পাঁচ পাথরের আংটি। এ ছাড়া ঘড়ি, মোবাইলফোন, সুগন্ধি—সবই পছন্দের ব্র্যান্ডের হওয়া চাই। সময় সচেতন বিপ্লব ভট্টাচার্যের দিন শুরু হয় ভোর পাঁচটায়। হাতের কাজ সেরে মাঠে হাজির হন অনুশীলনে। একজন পেশাদার ফুটবলার হিসেবে মেনে চলেন পরিমিত খাবার তালিকা। তবে পছন্দের খাবারের তালিকায় আছে পিৎজা আর আইসক্রিম।

সাফ ফুটবলে আটবার অংশ নেওয়া এই ফুটবলারের অবসর কাটে কীভাবে? ‘অবসর নয় ছুটি পাই আমরা। কোচের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে যেকোনো একদিন ছুটি পাই। তবে কোনো ম্যাচ খেলার পরের দিন আমরা ছুটি কাটাই।’ বলেন বিপ্লব ভট্টাচার্য।
সেই ছুটির দিনগুলো কাটে সমরেশ মজুমদার আর হুমায়ূন আহমেদের বই হাতে কিংবা রোমান্টিক কোনো সিনেমা দেখে। কখনো আবার পরিবার নিয়ে বেরিয়ে পড়েন কেনাকাটা করতে বা বাইরে খেতে। বিপ্লব ভট্টাচার্য কাজ করছেন নিজের একটি ব্যক্তিগত সংগ্রহশালা তৈরির। যেখানে থাকবে তাঁর খেলোয়ািড় জীবনের বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি, পুরস্কার, স্মারক বা খেলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ।