আরে নাহ্, কিচ্ছু হয়নি! কী সব আবোল-তাবোল আইডিয়া নিয়ে আসেন!’বসের এমন ঝাড়িতে তরুণ কর্মী নিশ্চয়ই মনে মনে বলেন, ‘ধরণি দ্বিধা হও...!’ আবার কেউ কেউ হয়তো ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকেন, ‘এত ভালো একটা আইডিয়া দিলাম, আর আমার সাথে এমন আচরণ! ধুত্তুরি, চাকরিই করব না আর!’ দৃশ্যপট এর থেকেও খারাপ হতে পারে। আমাদের কল্পনা না হয় অত দূর না-ই গেল। কিন্তু এমন সমস্যা তো কল্পনা নয় যে চাইলেই খুব ভালো একটা অবস্থায় স্থির রাখা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে নবীন কর্মীরা এমন সমস্যার মুখোমুখি হন প্রায়ই। চাকরিতে নতুন প্রবেশ, তাই তরুণদের উত্তেজনার পারদ থাকে ঊর্ধ্বমুখী। তাই অনেকেই আকুলি-বিকুলি করেন কখন নিজের আইডিয়াটি পেশ করবেন বসের কাছে। কিন্তু আইডিয়া দুর্দান্ত হওয়ার পরও বস যখন সেটা গ্রহণ করতে পারেন না, তখন নবীন কর্মীর কী-ইবা করার থাকে! এ ক্ষেত্রে বস, আপনাকেই তো হতে হবে উদারমনা! নতুন বলেই যে তাঁর আইডিয়াটা ছুড়ে ফেলে দেবেন, তা কেন হবে? আপনিও তো একসময় তরুণ ছিলেন। হোক না একটু ছেলেমানুষি আইডিয়া, সেটাকে তো আরও খানিকটা ঝালাই করে নেওয়া যায়। আর নতুনদের আইডিয়া নিয়ে কাজ করার মধ্যে তো কোনো লজ্জা নেই। বরং আপনার নিজের ও প্রতিষ্ঠানের উন্নতিও লুকানো থাকে সেখানেই।তবে এটা তো অবশ্যই ঠিক, সব বস এমনটা নন। যাঁদের মধ্যে এমন সমস্যা আছে তাঁদের জন্য কিছু পরামর্শ দিলেন প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন, ‘নবীন কর্মীরা তরুণ আর বসেরা তো অভিজ্ঞ। তাই প্রথমেই বলি, বসদের এমন আচরণ মোটেও কাম্য নয়। এমন আচরণ প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, উর্ধ্বতন কর্মকর্তার জন্যও ক্ষতিকর। তরুণ কর্মীর মস্তিষ্ক একদম ঝরঝরে। তাঁদের আপনি বলতে দিন, মনোযোগ দিয়ে শুনুন। তাঁদের কোন আইডিয়াটি আপনি নেবেন, সেটা পরে বিবেচনা করুন। এ কারণে তরুণদের বলার জন্য সুযোগ সৃষ্টি করে দিন। তাতে করে আপনি আইডিয়া পাবেন নতুন কিছু করার। প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা অপরিহার্য। আর তরুণদেরও মনে রাখতে হবে, বস তাঁর আসনে এমনি এমনিই বসেননি। তাঁর হয়তো অনেক কিছু অজানা থাকতে পারে, কিন্তু তাঁর অভিজ্ঞতার মূল্য অনেক। তাই তরুণদের উচিত বিনয়ী হওয়া। পরিশ্রম করতে হবে কঠোর।’বসদের উদ্দেশে আরও সুনির্দিষ্ট কতগুলো পরামর্শ দিলেন এইচ আর কাইটস নামের এক মানবসম্পদ উন্নয়ন পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সউদ বিন মাসুদ—একজন বসকে হতে হয় মুক্তমনা। অধীন ব্যক্তিদের কাজ করতে হয় দুই ভাবে। এক. বস যেভাবে বলেন সেভাবে কাজটি করা, দুই. বসের পরামর্শের সঙ্গে আরও কিছু যোগ করা। এ ক্ষেত্রে বসকে নবীন কর্মীর আইডিয়া শুনতে হবে মনোযোগ দিয়ে। তাঁর লাভটা বুঝতে হবে আগে। তিনি যদি কিছু না শোনেন, আইডিয়া না নেন, ক্ষতিগ্রস্ত হবেন তিনি নিজেই।বসকে ভালো শ্রোতা হতে হবে। নেতৃত্ব দেওয়ার বড় গুণ এটা। কেবল শোনার জন্য শুনলাম হলে চলে না। এ ছাড়া শারীরিক ভাষাও হতে হবে কৌশলী। নবীন কর্মী কিছু বলছেন, কিন্তু বস ব্যস্ত অন্য কিছু নিয়ে—এমনটা হলে নবীন কর্মী তাঁর বক্তব্য ভালোভাবে শোনানোর আগ্রহ হারিয়ে ফেলেন।কখনোই ‘না’ বলা যাবে না। আইডিয়া শোনার পর পছন্দ না হলে বলুন, ধন্যবাদ। মাঝারি মানের হলে বলুন, এটা নিয়ে চলুন আরও আলোচনা করি। আর খুব ভালো হলে বিস্তারিত আলোচনায় বসুন। সবার সামনে নবীন কর্মীকে বাহবা দিন।কেবল মিটিং বা আয়োজন করে আইডিয়া শুনলেই হয় না। চা খেতে খেতে নবীন কর্মীর সঙ্গে কথা বলুন। তাতে করে তরুণেরা আরও উৎসাহী হন। ভয়ভীতি কাজ করে না। ব্যবসার যেকোনো পর্যায় নিয়ে নবীন কর্মীর পরামর্শ নিতে কুণ্ঠাবোধ করা উচিত নয়।আইডিয়া মানেই উন্নতি। বলা হয়, যে প্রতিষ্ঠানে যত বেশি নতুন আইডিয়া আসে, সেই প্রতিষ্ঠান তত বেশি এগিয়ে যায়। বসও তো সাফল্য চান, সাফল্যের ওপরই নির্ভর করে তার পদোন্নতি। তাই সাফল্য পেতে হলে নবীন কর্মীদের বলুন, এই প্রতিষ্ঠান আমাদের। এটা একটা টিমওয়ার্ক। তাতে করে তাঁরা আরও উৎসাহী হবেন। প্রতিষ্ঠানকে নিজেদের ভাবলে কাজে আগ্রহ পান তরুণেরা। আর তরুণেরা কাজ পেতে পছন্দ করেন। কাজ পেলে তারা ভাবেন, প্রতিষ্ঠান আমার ওপর বিশ্বাস রাখছে। দায়িত্ববোধ বেড়ে যায় এতে।তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে বসদের। ভুল থেকে শিক্ষা নিতে বলতে হবে নবীন কর্মীদের। অভয় দিতে হবে, ভুল করো সমস্যা নেই, এতেই তুমি শিখবে। আর অবশ্যই কথাবার্তা হতে হবে ইতিবাচক।তরুণদেরও কিছু বলার আছে। কেবল বেতনের জন্য কাজ করলে নিজের উন্নতি আটকে থাকবে। প্রথম পাঁচ বছর ভাবতে হবে, আমি কেবল কাজ শিখতে এসেছি। প্রথম প্রথম প্রচুর খাটতে হবে এবং দিতে হবে। খাটতে হবে মানে বস যা বলেন তা করতে হবে। আর দিতে হবে মানে বসের পরামর্শের বাইরেও নিজে চিন্তা করে কিছু করে দেখাতে হবে।