বসছে আধুনিক পরিশোধন যন্ত্র লাভের আশায় ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তির পরিশোধন যন্ত্র বসানো হচ্ছে মাঝিরঘাটের লবণ কারখানাগুলোতে। সনাতন পদ্ধতিতে লবণ পরিশোধন করে আর্থিক ক্ষতির মুখে পড়ায় কারখানার মালিক ও ব্যবসায়ীরা এদিকে ঝুঁকছেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, আধুনিক প্রযুক্তিতে লবণ পরিশোধন শুরু হলে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হবে; এতে লাভ বাড়বে। তবে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকাটাই মূল লক্ষ্য বলে জানান তাঁরা।লবণশিল্পের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, হাড়ভাঙা পরিশ্রম করলেও ন্যায্য পারিশ্রমিক তাঁরা পান না। সারাক্ষণ লবণপানিতে থাকতে হয় বলে শরীরে ঘা হয়ে যায়।জানা যায়, মাঝিরঘাট এলাকায় লবণ পরিশোধনের কারখানা রয়েছে ৫৬টি। এসব কারখানায় চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ ও বাঁশখালী থেকে আসা অপরিশোধিত লবণ পরিশোধন করা হয়। পরে তা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। তবে ২০ বছরের পুরোনো এই লবণশিল্প গত কয়েক বছরে অস্তিত্বের সংকটে পড়ে। দেশে আধুনিক প্রযুক্তির কারখানা স্থাপন ও আয়োডিন মেশানো মোড়কজাত লবণ বাজারে আসার পর এসব কারখানার লবণের চাহিদা কমে যায়। অন্যদিকে বিদেশ থেকে লবণ আমদানির কারণে মাঠের ক্ষুদ্র ব্যবসায়ীরা মার খান। এর প্রভাব পড়ে মাঝিরঘাটের পরিশোধন কারখানায়। এক কারখানার মালিক জানান, বিদ্যুতের সমস্যার কারণে তাঁরা বড় ক্ষতির শিকার হন। বেশির ভাগ কারখানা ভাড়ায় চলে। আকার অনুযায়ী একেকটি কারখানাকে সাত-নয় লাখ টাকা ভাড়া দিতে হয়।মাহমুদা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবু ছফা বলেন, ‘সনাতন পদ্ধতিতে লবণ পরিশোধনে প্রতিদিন ১০ হাজার টাকার মতো খরচ পড়ত। কিন্তু নতুন যন্ত্র বসানোর পর তা কমে অর্ধেকে এসেছে। পুরোনো যন্ত্রে দুবার ধোলাই (ময়লা অপসারণ) করতে হয়, নতুন যন্ত্রে একবারই যথেষ্ট। আগে কারখানায় ৫০-৫৫ জন শ্রমিক যে কাজ করতেন, এখন তা ২৫-২৭ জনেই করতে পারেন।’জানা যায়, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ ও বাঁশখালী থেকে ট্রলার বা যন্ত্রচালিত নৌকায় অপরিশোধিত লবণ নিয়ে আসা হয় মাঝিরঘাটে। কারখানাগুলো প্রতি বস্তা (৭৪ কেজি) লবণ কিনে ২৫০-২৫৫ টাকায়। পরিশোধনের পর তা বিক্রি করা হয় ৩১৫-৩২০ টাকায়। শ্রমিকের মজুরি, কারখানার ভাড়াসহ আনুষঙ্গিক খরচের পর ব্যবসায়ীদের তেমন লাভ হতো না। সোহেল সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক হীরালাল ঘোষ বলেন, ‘বড় বড় কোম্পানিগুলো লবণ আমদানি করায় আমাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। লবণের দাম একদম পড়ে গেলে ক্ষতির শিকার হন প্রান্তিক লবণচাষিরা। লবণ উৎপাদন কমে গেলে আমাদের কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়।’হীরালাল ঘোষ আরও বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি লবণ উৎপাদিত হওয়ার পরও সরকার বিদেশ থেকে লবণ আমদানির অনুমতি দেয়। এতে লবণশিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।সরেজমিনে দেখা গেছে, কারখানার আশপাশের পরিবেশ নোংরা, চারদিকে দুর্গন্ধ। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন শত শত শ্রমিক। এখন প্রতিটি কারখানায় পরিশোধনের কাজ করেন ৫০-৫৫ জন শ্রমিক। একটি কারখানাকে কেন্দ্র করে চলে প্রায় ৪০০ মানুষের জীবন ও জীবিকা। একজন শ্রমিক নাম প্রকাশ না করে বলেন, ‘লবণ ধোয়ার পর কাদাপানি ফেলা হয় নদীতে। সেই পানিতেই গোসল করি আমরা। আর নদীর পাড়ঘেঁষে তৈরি ছোট টংঘরে চলে খাওয়া।’শ্রমিক মো. ফরিদ বলেন, ‘প্রতিদিন ৩০০-৩৫০ টাকা মজুরি দেওয়া হলেও কাজের তুলনায় তা কম। নিজের খাওয়া-থাকাতেই বেশির ভাগ চলে যায়। কেউ অসুস্থ হলে তাঁর খবর কেউ নেন না। সারাক্ষণ লবণপানিতে থাকতে হয় বলে শরীরে ঘা হয়ে যায়। অথচ লবণের বস্তা উঠানো নামানোর কাজ করে তাঁরা প্রতিদিন ৪০০-৬০০ টাকা আয় করেন। আর আমরা আরও বেশি ঝুঁকি নিয়ে কাজ করলেও তা পাই না।’ চর্ম ও যৌন রোগ এবং এইডস বিশেষজ্ঞ অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘসময় লবণপানিতে কাজ করলে একজিমা, ফাঙ্গালসহ নানা চর্মরোগ দেখা দিতে পারে। লবণপানির কারণে ঘা কিংবা আঘাতপ্রাপ্ত স্থান সহজে শুকায় না।