বসতবাড়ি ও ফলের বাগান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামে ১৩ মার্চ বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। অপর অগ্নিকাণ্ডে চন্দনাইশের জঙ্গল হাশিমপুর ফইল্যাপাড়া এলাকায় গত দুই দিন ধরে আগুনে পুড়ে গেছে ১০টি ফলজ বাগান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কেশুয়া গ্রামে (এসপি দেলোয়ার বাড়ি) বিকেল চারটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে স্থানীয় লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। যাদের ঘর পুড়ে গেছে তাঁরা হলেন, একরামুল হক, আকতার কামাল, মোহাম্মদ সুমন, মোস্তাফিজুর রহমান, নোয়া মিয়া, নুনু মিয়া, জাকের হোসেন, আলমগীর হোসেন, মোহাম্মদ নাসির উদ্দীন, বুদু মিয়া, আবুল কাশেম, মোহাম্মদ ছৈয়দ, জুনু মিয়া ও মোহাম্মদ বাঁশি। এদিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের জঙ্গল হাশিমপুর ফইল্যাপাড়া এলাকার পাহাড়ে আগুন লেগে ১০টি বাগান পুড়ে গেছে। এলাকার লোকজন জানান, ১২ মার্চ গভীর রাত থেকে হঠাৎ করে ফলজ বাগানগুলোতে আগুন ধরে যায়। দুই দিনে নুরুল হক ভাণ্ডারীর লিচু বাগানের ৫০০ লিচুগাছ, মোহাম্মদ ফারুকের এক একরের পেয়ারা বাগান, এয়াকুব নবীর দুই একর পেয়ারা বাগান, আবু ছালেকের দুই একর পেয়ারা বাগান, আবুল বশরের দুই একর পেয়ারা ও কাঁঠাল বাগান, আসহাব মিয়া কোম্পানির প্রায় দুই একর পেয়ারা বাগান, ও মোহাম্মদ ইউনুচের এক একর পেয়ারাসহ বিভিন্ন ফলজ বাগান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। লিচুবাগান মালিক নুরুল হক ভাণ্ডারী জানান, আগুনে তার বাগানের ৫০০ লিচুগাছ জ্বলে গেছে। তবে কি কারণে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি। হাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী জানান, আগুনের বিষয়টি খুব রহস্যজনক। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পটিয়া বরুমতি বিট কর্মকর্তা মফিজ উদ্দীন জানান, কি কারণে আগুন লেগেছে বলা মুশকিল। তবে বিড়ি সিগারেটের আগুন থেকে এই আগুন লাগতে পারে বলে তিনি জানান।