বসতবাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে গভীর রাতে সশস্ত্র ডাকাতদল বসত বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা বাড়ির লোকজনদের বেদম প্রহার ও গুলি করে দুজনকে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তিদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জানুয়ারি রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের বাসিন্দা আলী মিয়া মুন্সীর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে ঘরে থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল সেট, নগদ টাকা ও কাপড় চোপড় লুট করে নিয়ে যাওয়ার সময় একই এলাকার মৃত বেলায়েত হোসেনের পুত্র অলি আহমদ (৫৫) কে বেদম প্রহার করে এবং আলী মিয়া মুন্সীর পুত্র মোহাং আলম (২৮) কে লক্ষ্য করে গুলি করলে তার ডান হাতে লাগে। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার খবর পেয়ে দুপরে জেলা সহকারী পুলিশ (উখিয়া-টেকনাফ সার্কেল) এএসপি ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহতের পরিবার সূত্রে জানায়, বর্তমানে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হ্নীলা নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, আহতদের পক্ষে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।