বসতভিটা রক্ষা করতে মানববন্ধন
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেনাবাহিনীর চ্যাপ্টার এলাকা (ভূমি অধিগ্রহণের) ঘোষণার প্রতিবাদে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ভাটিয়ারী চ্যাপ্টার এলাকা প্রতিরোধ কমিটির ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা যেকোনো মূল্যে ভূমি অধিগ্রহণ ঠেকানোর দাবি জানান। তাঁরা বলেন, ‘কোনো রকম আলোচনা ছাড়া সেনাবাহিনী আমাদের ভূমি অধিগ্রহণ করতে পারে না। অধিগ্রহণ ঠেকাতে হবে।’ এর আগে সকালে ভাটিয়ারী থেকে অন্তত সাতটি ট্রাকযোগে এলাকাবাসী মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এর পর পুনরায় মিছিল করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, ১৮ বছর আগের মীমাংসিত বিষয়টি আবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনগণের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক। এতে করে ওই এলাকার তিন লাখ অধিবাসী উর্যাকণ্ঠার মধ্যে আছে। এতে আরও বলা হয়, ১৯৫৮ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভাটিয়ারীতে কয়েক দফায় ভূমি অধিগ্রহণ করা হয়। এসব ভূমি মিলিটারি একাডেমির দখলে রয়েছে। ১৯৯০ সালে সেনাবাহিনী আবারও এক হাজার ২৩১ একর ভূমি হুকুম দখল করে। স্থানীয় অধিবাসীরা জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে তাঁদের আবাস-ভূমি ছেড়ে দিয়ে আশ-পাশের জমি কিনে বসবাস শুরু করেন। এর পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনী উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ভাটিয়ারী, জঙ্গল ভাটিয়ারী ও দক্ষিণে জঙ্গল সোনাইছড়ি—তিনটি মৌজায় আরও আড়াই শ একর ভূমি হুকুম দখলের এক তরফাভাবে গেজেট প্রকাশ করে। এটা বাতিলের দাবিতে স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী আন্দোলন শুরু করেন। প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নুরুল আনোয়ার, মো. ইছহাক, কামাল উদ্দিন, কাজী শওকত ইকবাল, তাজুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। এ সময় প্রায় হাজারখানেক নারী-পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে বিভিন্ন প্লে-কার্ড শোভা পাচ্ছিল।বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ বন্ধ না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের অংশ হিসেবে ১৭ ডিসেম্বর স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেমের বাড়ি ঘেরাও, ঢাকায় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন, চলতি মাসেই ভাটিয়ারীতে মহাসমাবেশ, শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।