বসতভিটায় রঙের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতবাড়ির সামনে এমন চোখজুড়ানো ফুলের বাহার দেখলে কার না ভালো লাগবে! ছবি: প্রথম আলো
বসতবাড়ির সামনে এমন চোখজুড়ানো ফুলের বাহার দেখলে কার না ভালো লাগবে! ছবি: প্রথম আলো

সারা দিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়:
গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামি পাতার ভিড়ে;
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর সাদা মাটির কঙ্কালের ভেতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি;
কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে,/ সারা দিন সূর্যের পেছনে পেছনে চলেছে সে।
—জীবনানন্দ দাশ

‘বিড়াল’ কবিতায় এভাবে কৃষ্ণচূড়াকে এনেছিলেন কবি জীবনানন্দ দাশ। আইয়ুব বাচ্চুও তাঁর গানে কৃষ্ণচূড়ার কথা বলেছিলেন, ‘বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়/ কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়...’।
এমন আরও ভূরি ভূরি উদাহরণ দেওয়া যাবে। উদাহরণের ভান্ডারে কমতি পড়বেই বা কেন! গ্রীষ্মের এই রুদ্র আবহাওয়ায় মন-প্রাণ যে ভরে যায় রাস্তার দুই পাশে, পার্কে কিংবা উদ্যানে আগুনরঙা কৃষ্ণচূড়ার রূপ দেখে। এর সঙ্গে কাঁচা হলুদে চোখ প্রশান্তি পায় সোনালু ফুল দেখে, আর জারুলের বেগুনি রং দেখে হয়তো মনে হয়—গ্রীষ্মকাল মোটেও মন্দ নয়!
কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল—এই ফুলগুলো আমরা বেশি দেখি রাস্তার দুই পাশে। বাসার সামনেও দেখা যায়, তবে সংখ্যায় কম। কিন্তু একবার কল্পনা করুন তো, ঘরের জানালার ওপাশে বাতাসে দোল খাচ্ছে হলদে সোনালু, বেগুনি জারুলের ফাঁকে উঁকি দিচ্ছে একটা দোয়েল! কিংবা কৃষ্ণচূড়ার লাল পাপড়িতে ভরে উঠেছে আপনার বাসার প্রাঙ্গণ! কেমন হবে সেটা বাস্তব হলে? শহর, মফস্বল কিংবা গ্রাম—আপনার বাসা যেখানেই হোক, সেটার আশপাশে এই গাছগুলো থাকলে মন্দ হবে কি?
বাড়ির সামনে একটুখানি ফাঁকা জায়গা, লন অথবা দেয়ালের পাশ ঘেঁষে লাগাতে পারেন কৃষ্ণচূড়া, জারুল বা সোনালু। প্রকৃতিবিদ মোকাররম হোসেন বললেন, ‘এখন অনেকেই বাড়ি করার সময় সামনের অংশে ফাঁকা রাখছেন। এটা ভালো লক্ষ্মণ। চাইলে এখানে এই তিন ফুলের গাছ লাগানো যায়। তবে রাস্তার সঙ্গে নয়। কারণ, কৃষ্ণচূড়া অতটা মজবুত গাছ নয়। যে কোনো ভেঙে পড়তে পারে। তাই রাস্তার পাশে না লাগানোই ভালো। তবে বাড়ির সামনে ফাঁকা জায়গায় অনায়াসে বেড়ে উঠতে পারে সোনালু, জারুল বা কৃষ্ণচূড়া।’
মোকাররম হোসেনের মতে, ‘যদি আমরা বসতবাড়িটা রঙে রঙিন করে তুলতে চাই, তাহলে দুটি করে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু ফুলের গাছ লাগানোই বুদ্ধিমানের কাজ। জায়গার স্বল্পতা থাকলে একটি করেও হতে পারে। তবে মাথায় রাখতে হবে, গাছগুলো বেড়ে উঠতে পারে, এমন ফাঁকা জায়গা যেন যথেষ্ট থাকে।
আর চারা রোপণের বেলায় পরামর্শ হলো, বাড়ির দক্ষিণ দিকটা ফাঁকা রাখুন। বাকি তিন দিকে এসব গাছ লাগানো উত্তম। তাহলে শীতকালে এই চারাগুলো বেড়ে ওঠার জন্য দক্ষিণ দিক থেকে যথেষ্ট রোদ ও বাতাস পাবে। রোদ ও বাতাস আটকে গেলে চারাগুলো বাড়বে না।
কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল ফুলের চারা পাওয়া খুব সহজ। রাজধানী ঢাকার আগারগাঁও এলাকায় বেশ কিছু নার্সারি আছে। সেখানেই মিলবে ছোট বা মাঝারি আকারের চারা। এ ছাড়া ঢাকার বাইরের নার্সারিগুলোতেও এসব গাছের চারা সহজলভ্য। দামও থাকে হাতের নাগালে।