বসতি হোক পরিবেশবান্ধব
বসন্তের স্নিগ্ধতা শেষ হতে না হতেই শুরু হবে গ্রীষ্মের দাবদাহ। গরমকালে নিজের বাড়িটি একটু শীতল রাখতে চান সবাই। প্রচণ্ড তাপে যে মানুষের জীবন যায় যায় ভাব। সঙ্গে গরমে জনজীবনে অস্বস্তি তো আছেই। এসব থেকে গরমকালে মানুষ খোঁজে একটু মুক্তির আস্বাদ। ফিরে পেতে চায় অনাবিল শান্তির পরশ। আর সেই স্থানটি যদি হয় নিজের অতিপ্রিয় বাসস্থান, তা হলে তো কথাই নেই। মনের মতো করে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারেন আপনার প্রতিটি মুহূর্ত। যার সবকিছুর উৎস আপনার এই বসতিটি। যাঁরা নিজের বসতের স্থানটিকে দিয়েছেন স্নিগ্ধকোমল রূপ, তাঁরা বেঁচে গেছেন। আর যাঁরা এখনো বসতি গড়ার অপেক্ষায়, তাঁদেরও দুশ্চিন্তার কারণ নেই। একটু সজাগ থাকলেই এই গ্রীষ্মে আপনিও পারেন নিজের বাড়িটিকে শান্তির নীড় করে গড়তে। স্থপতি নাহাস খলিলের সঙ্গে কথা বলে জানা গেল এর খুঁটিনাটি। তিনি বলেন, ‘আমরা আজ এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, যখন আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য হলেও আমাদের পরিবেশবান্ধব হতে হবে। তাই তো বাড়ির বহিঃ ও অন্দরসজ্জায় থাকা চাই প্রকৃতির ছাপ। যেহেতু পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বাড়ছে, এর প্রভাব পড়ছে আমাদের জীবনযাত্রাসহ সবকিছুতেই। এ জন্য সামান্য গরমেই আমাদের পোহাতে হয় অশেষ কষ্ট। ঘরে থাকা হয়ে যায় দুরূহ। তাই বাসস্থানকে পরিবেশ উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমাদের একটু সচেতনতাই পারে এসব সমস্যা সহজেই সমাধান করতে। তিনি জানান, গরম থেকে রক্ষা পেতে বাড়ি তৈরির সময় যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি, তা হলো বায়ুপ্রবাহ। বাসস্থানে পরিমিত বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা না থাকলে শত চেষ্টা করলেও তা আরামদায়ক করে তুলতে পারবেন না। কেননা, প্রচণ্ড গরমে যে পরিমাণ তাপ আপনার বাড়িতে প্রবেশ করে, তা একমাত্র বাতাসের প্রবাহেই কমানো সম্ভব। বাংলাদেশ যেহেতু শুষ্ক-উষ্ণ অঞ্চলের একটি দেশ, তাই দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘরে বায়ু প্রবেশের ব্যাপারটি নিশ্চিত করা উচিত। এ ছাড়া বাসার বারান্দাটি যদি সে দিকে থাকে, তাহলেও আপনি গরম থেকে মুক্তি পাবেন।আপনার বাড়ির বাইরের দিকে ব্যবহূত দালানকোঠার উপাদানের ওপরও নজর দিতে হবে। বাসাবাড়ির যে পাশে সূর্যের আলো বেশি বা সরাসরি পড়ে, সে পাশের দেয়ালে কাচ ও এ-জাতীয় উপাদান ব্যবহার না করাই ভালো। আপাতদৃষ্টিতে তা সুন্দর লাগলেও বেশির ভাগ ক্ষেত্রে সেসবই হয়ে ওঠে অস্বস্তির অন্যতম প্রধান কারণ। এ ক্ষেত্রে সেসব উপাদানই ব্যবহার করা উচিত, যা বাড়ির ভেতরের তাপকে বাইরে ছেড়ে দিতে পারে। ‘হলো ব্রিকস’ এমনই একটি উপাদান। এই ইটের দুটি তলের মাঝের জায়গাটুকু ফাঁকা থাকে। ফলে এর মধ্য দিয়ে সহজেই তাপের সঙ্গে সঙ্গে বাতাসও চলাচল করে আপনার বাসার ভেতরের পরিবেশকে রাখে সুন্দর ও আরামদায়ক। যদি কাচ ব্যবহার করতেই চান, তাহলে দুই স্তরবিশিষ্ট কাচ ব্যবহার করা যেতে পারে। এই স্তর দুটির মধ্যে থাকে বিভিন্ন ধরনের শোষক গ্যাস, যা বাইরের তাপকে ভেতরে যেতে বাধা দেয়। এ ছাড়া বাইরের দিকের দেয়ালের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ‘শেড’, যাতে সূর্যের আলো সরাসরি দেয়ালে না পড়ে। বসতবাড়ির শোভা বাড়ানোর পাশাপাশি চারপাশের পরিবেশকে সতেজ রাখতে বাসার ছাদে কিংবা বারান্দায় অথবা বাড়ির প্রবেশমুখে লাগান সবুজ গাছ। সামনে উন্মুক্ত টেরাস থাকলে ছোটখাটো বাগান করতে পারেন। এসব সবুজ গাছ আপনাকে গরমের অস্বস্তি থেকে মুক্তির সঙ্গে আপনার মনটাকেও রাখতে পারে উৎফুল্ল। এ ছাড়া আজকাল অনেকেই বাসার দেয়ালে সবুজ গাছপালা বা গ্রিনারি ব্যবহার করছেন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কারণ এসব গাছ ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, যা আপনার বাসাবাড়ির স্থায়িত্বের জন্য দরকারি। গরমের তাপ থেকে বাঁচতে বাসাবাড়ির জানালায়ও ব্যবহার করা হয় বিভিন্ন ‘সান শেড’। লক্ষ রাখুন, যাতে তাপকে রুখতে গিয়ে বাতাসকে যেন না রুখে দেন। এ ছাড়া আপনি চাইলে জানালায় লুভর নামে বিশেষ এক ধরনের কার্টেন বা পর্দা ব্যবহার করতে পারেন। ফলে বাড়ির গোপনীয়তা রক্ষা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আপনি আপানার স্বাচ্ছন্দ্যের বিষয়টিও নিশ্চিত করতে পারেন। তবে জানালায় কাপড়ের পর্দা ব্যবহার করতে চাইলে সুতি কাপড় ব্যবহার করাই ভালো। যাতে অতিরিক্ত তাপ ঘরের ভেতরে আটকে না থাকে। আপনার ঘরের আসবাবও হতে পারে পরিবেশবান্ধব। সম্ভব হলে ঘরে প্রাকৃতিক উপাদান যেমন: কাঠ, বাঁশ, বেতের তৈরি আসবাব বেশি রাখুন। এতে আপনি প্রকৃতির খুব কাছে থাকার অনুভূতি তো পাবেনই, সঙ্গে সঙ্গে এসব উপাদান গরমে আপনার বসতবাড়িকে দেবে শান্তির শীতল ছোঁয়া। মনের মতো রং ব্যবহারে আপনার বসতবাড়ি হয়ে উঠতে পারে অনিন্দ্যসুন্দর। তবে রঙের ব্যবহার দেখেশুনে করাটাই বুদ্ধিমানের কাজ। বাসার ভেতরে হালকা রং ব্যবহার করা যেতে পারে, যা আপনাকে দিতে পারে নমনীয়তার বিচিত্র অনুভূতি। এ ক্ষেত্রে প্লাস্টিক ইমালশনের কথাই বিশেষভাবে বলা যায়। তবে এ ক্ষেত্রে অনেক সময় নিজের ইচ্ছা ও রুচিবোধ প্রাধান্য পায় বেশি। আর বাইরের জন্য বিভিন্ন কোম্পানির ‘ওয়েদার কোট’ রং ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। এতে ঘরের ভেতর ও বাহির উভয় স্থানের পরিবেশই আপনি উপভোগ করতে পারেন।