বসতিতে কেন সংরক্ষিত বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩৩৪ নম্বর কুক্যাছড়ি ও ৩৩৫ নম্বর ধনুছড়ি মৌজাকে সংরক্ষিত বন ঘোষণার লক্ষ্যে বন বিভাগের জারি করা গেজেট, প্রজ্ঞাপন ও প্রতিবেদন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ বিবাদীদের ওপর রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।গত সোমবার এ বিষয়ে দায়ের করা মামলার প্রাথমিক শুনানি হয়। পরে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। বিবাদীরা হলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়, প্রধান বন সংরক্ষক, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক ও পার্বত্য চট্টগ্রাম পাল্পউড বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা।এর আগে রাঙামাটি পার্বত্য জেলার এ দুটি মৌজার অধিবাসীদের অধিকার রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলন এ বিষয়ে একটি মামলা (মামলা নম্বর ২৯৮০/২০১৩) দায়ের করে। জানতে চাইলে বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক রিজাউল শিকদার বলেন, ‘আদালতের রুল এখনো আমার কাছে আসেনি। সেটি হাতে পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখব।’ পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, ১৯৯২ সালে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩৩৪ নম্বর কুক্যাছড়ি এবং ৩৩৫ নম্বর ধনুছড়ি মৌজায় তিন হাজার ৬৮৯ দশমিক ৩৩ একর ভূমি সংরক্ষিত বন ঘোষণা করার লক্ষ্যে ৪ ও ৬ ধারায় বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু আইন অনুযায়ী জনগণের দাবি নিষ্পত্তি না করেই বন বিভাগ পরবর্তী সময়ে বন আইনের ২০ ধারা অনুযায়ী ধনুছড়ি মৌজার সম্পূর্ণ এলাকাকে চূড়ান্তভাবে সংরক্ষিত বন ঘোষণা করে, যা বন আইনের পরিপন্থী। পরে ওই দুই মৌজায় বনায়নের নামে শিল্পের কাঁচামাল ‘মণ্ড’ উৎপাদনের জন্য নরম কাঠের বাগান বা পাল্পউড প্রকল্প গ্রহণ করে। এতে ওই মৌজার ১৬১টি পরিবারের মধ্যে অনেক পরিবার উচ্ছেদ হয়ে যায়। সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা জানান, এ ব্যাপারে স্থানীয় জনগণ প্রতিবাদ জানালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পরিবেশ ও বন মন্ত্রণালয় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত করে তা পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জমা দেয়। এতে গাছ পরিপক্ব হলে তা কেটে ফেলার পর নতুন করে চারা রোপণ না করা এবং স্থানীয় জনগণের দাবি বিবেচনা করাসহ কয়েকটি সুপারিশ করা হয়। কিন্তু বন বিভাগ স্থানীয় জনগণের আবেদন ও তদন্ত কমিটির সুপারিশ না মানায় মামলাটি দায়ের করা হয়।