বর্ণিল শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, রং খেলা, সংগীতসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গত সোমবার এ উপলক্ষে ক্যাম্পাসে সারা দিন আনন্দ আর হইহুল্লোড়ে মেতে উঠেছিলেন তাঁরা।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বসন্ত উৎসবের। আনন্দ উল্লাস আর ঢাকঢোল বাজিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিতে বেলা একটায় শুরু হয় রং উৎসব। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় ঘুড়ি উৎসব। বিকেলের নীল আকাশ ছেয়ে গিয়েছিল শিক্ষার্থীদের রং–বেরঙের ঘুড়িতে। শেষ বিকেলে ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সুরের মূর্ছনার মধ্য দিয়ে নেচে–গেয়ে শেষ হয় দিনব্যাপী বসন্ত উৎসব।
উৎসবে এসেছিলেন যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌমেন কুমার সাহা। প্রথম আলোকে তিনি বলেন, ‘বসন্ত মানেই কোকিলের কুহু ডাক আর প্রকৃতিতে নতুন প্রাণ। বাঙালির সর্বজনীন উৎসবের মধ্যে এটি একটি। বন্ধুদের সঙ্গে বসন্ত উৎসবে অংশ নিয়ে খুব ভালো লেগেছে।’